× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক অসন্তোষ কাটিয়ে স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ২১:৫৬ পিএম

আন্দোলন শেষে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা।  ফতুল্লার রামারবাগ মেট্রো গার্মেন্টস থেকে তোলা। ছবি: মেহেদী হাসান

আন্দোলন শেষে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। ফতুল্লার রামারবাগ মেট্রো গার্মেন্টস থেকে তোলা। ছবি: মেহেদী হাসান

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দেশের শিল্পাঞ্চল। সাভার-আশুলিয়া ও গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় ফিরেছে উৎপাদন কার্যক্রম। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও সাভার-আশুলিয়ার ৮৮টি কারখানায় উৎপাদন চলেছে।

শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে মজুরি বোর্ডের উদ্যোগ এবং সরকারের পক্ষ থেকে জানুয়ারিতে বর্ধিত বেতন দেওয়ার ঘোষণার পর পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 

বিভিন্ন কারখানার মানবসম্পদ (এইচআর) বিভাগ সূত্রে জানা গেছে, এসব এলাকায় প্রায় ৮০ শতাংশ শ্রমিক কাজে যোগ দিয়েছেন। গাজীপুরেও নতুন করে কোনো বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। স্বাভাবিক কর্মপরিবেশ ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

ছুটির দিনেও চালু ৮৮ কারখানা: শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হলেও সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের ৮৮টি পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু ছিল। সকাল থেকেই হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার নরসিংহপুর, বাইপাইল, জিরাবো ও পুকুরপাড় এলাকার কারখানাগুলোতে শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। 

শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শুক্রবার সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জরুরি প্রয়োজন থাকায় ৮৮টি পোশাক কারখানা চালু রাখা হয়েছে। এসব কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন।

এদিকে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সাপ্তাহিক ছুটির কারণে জেলার অধিকাংশ কারখানা বন্ধ ছিল। তবে উৎপাদনের চাপ থাকায় ২০ থেকে ৩০ শতাংশ কারখানায় সীমিত পরিসরে কাজ হয়েছে। শুক্রবার কোথাও শ্রমিক বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

জানুয়ারিতে বর্ধিত মজুরি: শ্রমিকদের নতুন বেতন কাঠামো নিয়ে সরকারের উদ্যোগের পর শিল্পাঞ্চলে স্বস্তি ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পী জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে মজুরি কমিশন বোর্ডের সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর মাসের বর্ধিত বেতন শ্রমিকেরা আগামী জানুয়ারিতে পাবেন।

আ.লীগ-সংশ্লিষ্ট কারখানা মালিকরা জড়িত: শ্রমিক আন্দোলনে উসকানি ও অরাজকতার পেছনে প্রতিবেশী রাষ্ট্র এবং আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরা জড়িত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তার অভিযোগ, পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা করছে ছাত্রলীগ ও যুবলীগ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি নিয়ে শুক্রবার দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

আন্দোলনের ঘটনায় আইনি ব্যবস্থা: শ্রমিক অসন্তোষের সময় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় বিভিন্ন এলাকায় মামলা হয়েছে। সাভার ও আশুলিয়া থানায় সাতটি মামলায় কয়েক হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব ঘটনায় ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় শিবু মার্কেট এলাকায় শ্রমিক আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ।

নিহত শ্রমিকের স্মরণে এনসিপি: গাজীপুরে শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের স্মরণে আয়োজিত দোয়া মাহফিল থেকে আগামী তিন দিনের মধ্যে ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দাবি পূরণ না হলে নতুন করে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছেন দলটির শ্রম সম্পাদক অ্যাডভোকেট আলী নাছের খান।

প্রতিবেদক আজিজুল ইসলাম। তথ্য সহযোগিতায়- গাজীপুর থেকে জাহিদ হাসান ভূঁইয়া ও বিএম.সাঈদ, আশুলিয়া থেকে আব্দুল্লাহ আল নোমান এবং নারায়ণগঞ্জ থেকে এম আর কামাল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা