× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুন্দরবনে দস্যুদের দাপট, ১০ টাকার নোটে দিতে হয় ২০ হাজার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬ ১৭:০২ পিএম

সুন্দরবনে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন সাতক্ষীরা অঞ্চলের বনজীবীরা। ছবি: বিবিসি বাংলা

সুন্দরবনে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন সাতক্ষীরা অঞ্চলের বনজীবীরা। ছবি: বিবিসি বাংলা

সুন্দরবনে মাছ ও কাঁকড়া শিকারসহ বনজ সম্পদের ওপর নির্ভরশীল মানুষের জীবনে নতুন আতঙ্ক হয়ে উঠেছে বনদস্যুরা। বনে প্রবেশ করতে সরকারি অনুমতির পাশাপাশি দস্যুদেরও দিতে হচ্ছে বিপুল অঙ্কের চাঁদা। এমনকি ১০ টাকার একটি নোটের বিনিময়ে গুনতে হচ্ছে ২০ হাজার টাকা। দস্যুদের দেওয়া বিশেষ নম্বরের নোটই বনে প্রবেশের পাস হিসেবে ব্যবহার হচ্ছে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বনজীবীদের অভিযোগ, সুন্দরবনে একাধিক দস্যু বাহিনী সক্রিয় রয়েছে। তারা নিজেদের মধ্যে বনাঞ্চল ভাগ করে নিয়ে জেলে ও বনজীবীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। চাঁদা না দিলে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ আদায়ের শিকার হতে হচ্ছে তাদের।

সম্প্রতি বনদস্যুদের অত্যাচার ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছেন উপকূলীয় বনজীবীরা। 'বনদস্যু নির্মূল কমিটি'র ব্যানারে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং উপজেলা ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন তারা। এসব কর্মসূচির পর দস্যুদের কাছ থেকে হুমকি পাওয়ার অভিযোগও করেছেন স্থানীয়রা।

১০ টাকার নোটের জন্য ২০ হাজার টাকা

সুন্দরবনে মাছ ও কাঁকড়া শিকার করতে যাওয়া জেলেদের অভিযোগ, বনদস্যুরা ব্যাংক নোটের নম্বরকে প্রবেশপাস হিসেবে ব্যবহার করছে। দস্যুদের নির্ধারিত নম্বরের দুই, পাঁচ কিংবা ১০ টাকার নোট সংগ্রহ করতে হয়। সময় ও এলাকা অনুযায়ী নোটের ধরন এবং চাঁদার পরিমাণ নির্ধারণ করে বাহিনীগুলো।

বনজীবীদের ভাষ্য, একটি নৌকার জন্য ১০ টাকার একটি নোট সংগ্রহ করতে ২০ হাজার টাকা দিতে হয়েছে। প্রতিদিন বনে যাওয়া-আসা করা জেলেদের জন্যও একই অঙ্কের চাঁদা দিতে হয়। আবার মাছ ধরার মৌসুম বা গোন অনুযায়ী তিন মাসের জন্য পাঁচ টাকার নোটের কার্ড নিতে কোনো কোনো বাহিনীকে দিতে হচ্ছে ৭০ হাজার টাকা। অন্য বাহিনী নিচ্ছে এক লাখ দুই হাজার টাকা।

প্রায় ৩০ বছর ধরে সুন্দরবনে মাছ ধরার সঙ্গে যুক্ত কামরুল ইসলাম বলেন, দস্যুরা নিজেদের মধ্যে সুন্দরবনের এলাকা ভাগ করে নিয়েছে। ফলে এক বাহিনীকে টাকা দিয়ে পাস নিলেও অন্য বাহিনীর হাতে আটক হওয়ার আশঙ্কা থাকে।

কাঁকড়া শিকারি আব্দুল করিমের অভিযোগ, গত মাসে চারটি নৌকার জন্য চার লাখ টাকা চাঁদা দিয়ে বনে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে তার নৌকা আটকে আরও চার লাখ টাকা আদায় করে দস্যুরা। ভয়ে এরপর দুই গোনেও সুন্দরবনে যাননি তিনি।

স্থানীয় বাসিন্দা পারুল আক্তার জানান, তার স্বামীকে সুন্দরবনে চার দিন আটকে রেখে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়েছে।

গাবুরার জেলে বাবলুর রহমান বলেন, গত দুই বছরে তিনবার বনদস্যুদের হাতে জিম্মি হয়ে টাকা দিতে বাধ্য হয়েছেন তিনি। একবার ৬৫ হাজার, আরেকবার এক লাখ ৯৬ হাজার এবং অন্যবার ৮০ হাজার টাকা দিয়েছেন। আরও ৮০ হাজার টাকা দাবি করে ফোন করা হচ্ছে বলে জানান তিনি।

৫ আগস্টের পর বেড়েছে দস্যুদের তৎপরতা

বনজীবীদের অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সুন্দরবনে দস্যুদের তৎপরতা বেড়েছে। বর্তমানে সাত থেকে আটটি বাহিনী বনে সক্রিয় রয়েছে। একটি বাহিনীকে চাঁদা দেওয়ার পর অন্য বাহিনীর হাতে আটক হয়ে আবারও মুক্তিপণ দিতে হচ্ছে অনেককে।

বনজীবীদের দাবি, অতীতে র‍্যাবের (বর্তমানে এসআরবি) অভিযানে সুন্দরবন থেকে বনদস্যুদের তৎপরতা অনেকটাই নির্মূল হয়েছিল। পরে কয়েকটি বাহিনী আত্মসমর্পণও করে। তবে ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগে আবারও দস্যুদের তৎপরতা বাড়ে।

২০১৮ সালে আত্মসমর্পণ করা সাবেক বনদস্যু আল আমিন বিবিসি বাংলাকে জানান, আত্মসমর্পণকারীদের কয়েকজনও ৫ আগস্টের পর আবার দস্যুতায় জড়িয়েছেন। সুন্দরবনে তিন বছর একটি দস্যু বাহিনীর কমান্ডার ছিলেন তিনি। তার ভাষ্য, দস্যুরা সুন্দরবনের বাইরে থেকেও অর্থ, খাবার ও রসদসহ প্রয়োজনীয় সহায়তা পাচ্ছে।

আত্মসমর্পণের পর জেলে হিসেবে মাছ ধরলেও বর্তমানে নিরাপত্তাহীনতায় নিজেই বনে যেতে পারছেন না বলে জানান আল আমিন।

দস্যু দমনে যা বলছে প্রশাসন

সুন্দরবন পশ্চিম বিভাগের বন কর্মকর্তারাও দস্যুদের তৎপরতার বিষয়টি স্বীকার করেছেন। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, দস্যুদের প্রতিটি দলে ২০ থেকে ২৫ জন সদস্য থাকে এবং তাদের কাছে প্রাণঘাতী অস্ত্র রয়েছে। অন্যদিকে বন বিভাগের টহল দলে পর্যাপ্ত অস্ত্র না থাকায় তাদের মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে।

তিনি জানান, গত দুই অর্থবছরে সুন্দরবন থেকে রাজস্ব আদায়ও ধারাবাহিকভাবে কমেছে। এমনকি দস্যুদের ভয়ে বৈধ পাস নিয়েও কেউ কেউ তা বন বিভাগে ফেরত দিচ্ছেন।

সুন্দরবনের নিরাপত্তায় কাজ করা কোস্টগার্ড জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে পরিচালিত দুটি অভিযানে ৫৯টি অস্ত্র উদ্ধার এবং ৪১ জন দস্যু ও ডাকাতকে আটক করা হয়েছে।

শ্যামনগরের কৈখালী স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মোল্লা মাহমুদ আল হোসাইন বলেন, বনজীবীরা দস্যুদের ভয়ে তাদের কাছে চাঁদা দেওয়ার তথ্য প্রকাশ করতে চান না। নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি বলেন, জেলেরা নির্ভয়ে তথ্য দিলে দ্রুত দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব।

তবে বনজীবীদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার পরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। দস্যুদের ভয়ে বনে যেতে না পারায় অনেক পরিবার খাদ্যসংকট ও আর্থিক অনিশ্চয়তায় পড়েছে।

সাতক্ষীরার জেলা প্রশাসক কাওসার আজিজ বলেন, বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে। সুন্দরবনে দস্যুতা বন্ধে বিভাগীয় পর্যায়ে সমন্বিত অভিযান প্রয়োজন। শুধু সাতক্ষীরা জেলায় অভিযান চালিয়ে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন বলেও মনে করেন তিনি।

তিনি আরও বলেন, সমন্বিত অভিযানের পাশাপাশি এ সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাও গুরুত্বপূর্ণ।

সোর্স: বিবিসি বাংলা

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা