কোস্টগার্ডের জাহাজ। ফাইল ছবি
জাতীয় চার নেতার নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের চারটি এবং ‘জয় বাংলা’ নামের আরেকটিসহ মোট পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার।
গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির তথ্য অনুযায়ী, ‘বিসিজিএস তাজউদ্দীন’ জাহাজের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ জাহাজের নতুন নামকরণ করা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’। একইভাবে ‘বিসিজিএস মনসুর আলী’ জাহাজের নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ জাহাজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। এ ছাড়া ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম দেওয়া হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাহাজগুলোর নাম পরিবর্তনের এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করার জন্য আগে কোস্টগার্ডকে নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী কোস্টগার্ড নতুন নামের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়। পরবর্তীতে প্রস্তাবিত নামগুলো অনুমোদন দিয়ে গতকাল চিঠির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোস্টগার্ডকে বিষয়টি জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে কোস্টগার্ড সূত্রে জানা গেছে, যে চার ব্যক্তির নামে চারটি জাহাজের নতুন নামকরণ করা হয়েছে, তারা সবাই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও দেশের বাইরে বিভিন্ন অভিযান পরিচালনা করতে গিয়ে তারা শহীদ হন।