ছবি: সংগৃহীত
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় অস্থিরতার নেপথ্যে কলকাঠি নাড়ছে পলাতক অপশক্তি। ইতিমধ্যে সরকার এই অপশক্তিকে চিহ্নিত করেছে। কিন্তু কিছু কিছু গণমাধ্যম প্রকৃত চিত্র তুলে না ধরে পোশাক খাতের অস্থিরতাকে শ্রমিক আন্দোলন হিসেবে প্রচার করে এই অস্থিতিশীলতাকে উসকে দেওয়ার অপচেষ্টা করছে। তবে বাংলাদেশের জনগণ তাদের এই ষড়যন্ত্র কিছুতেই সফল হতে দেবে না।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ‘জুলাই বিপ্লব’ হলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে ‘সাংবাদিকদের পেশাগত ও আর্থিক কল্যাণ, নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নে করণীয়’ শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
দেশের স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের স্থিতিশীলতা রক্ষায় সংবাদমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্দেশ্যমূলকভাবে সংবাদ প্রকাশের মাধ্যমে অস্থিতিশীলতায় উসকানি দিলে গোটা দেশ ক্ষতিগ্রস্ত হবে, পক্ষান্তরে সংশ্লিষ্ট গণমাধ্যমও ক্ষতিগ্রস্ত হবে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)।
কাদের গনি চৌধুরী বলেন, দাসত্ব সাংবাদিকতাকে মানুষ মনেপ্রাণে ঘৃণা করে। দাসত্ব সাংবাদিকতার কারণেই ফ্যাসিবাদী শাসন দীর্ঘায়িত হয়েছে। দেশে এত গণমাধ্যম থাকা সত্ত্বেও ‘আয়নাঘরের’ খবর জানতে হয়েছে বিদেশি গণমাধ্যমের মাধ্যমে। বিগত ১৭ বছর ধরে যারা দাস সাংবাদিকতার চর্চা করেছে, তারা এখন লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছে এবং প্রকাশ্যে আসতে লজ্জা পাচ্ছে। ভবিষ্যতে যেন এমন পরিণতি ভোগ করতে না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি বর্তমানে ‘অপসাংবাদিকদের’ প্রভাব বেড়েছে উল্লেখ করে এর থেকে উত্তরণে সরকারের উদ্যোগে প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরির আহ্বান জানান কাদের গনি চৌধুরী।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির জামাল বলেন, সাংবাদিকদের কল্যাণে যত উল্লেখযোগ্য প্রকল্প ও পরিকল্পনা রয়েছে, তার প্রায় সবই বিএনপি সরকার নিয়েছে। অতীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সব সহযোগিতা কেবল একটি রাজনৈতিক দলের অনুসারী সাংবাদিকরাই পেতেন; তবে বর্তমানে সেই প্রবণতা ভেঙে দেওয়া হয়েছে। পেশাদার ও অসচ্ছল সাংবাদিকদের কল্যাণে বর্তমান সরকার নানা পদক্ষেপ নিয়েছে।
তিনি আরও জানান, ৬৫ বছরের বেশি বয়সী অসচ্ছল সাংবাদিকদের জন্য মাসিক ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাস্টের অনুদান ২৫ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং বর্তমানে অসুস্থ সাংবাদিকদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে সহায়তা দেওয়া হচ্ছে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদসহ বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলার সাংবাদিক নেতারা।
আলোচনা সভা শেষে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানের ২০ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।