প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ১৫:০৪ পিএম
২০২৭ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার চূড়ান্ত করেছে সরকার। নতুন বছরে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে বরাদ্দ রাখা হয়েছে মোট ২৯ দিন।
তবে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় সাত দিনের ছুটির সুবিধা আলাদাভাবে পাওয়া যাবে না। সে হিসাবে কার্যকর ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ২২ দিন।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত ছুটির সূচি অনুযায়ী, আগামী বছর ১৪ দিন সাধারণ ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি নির্বাহী আদেশের মাধ্যমে আরও ১৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ দুই ক্যাটাগরির ছুটি যোগ করে ২০২৭ সালের মোট সরকারি ছুটির সংখ্যা ২৯ দিন।
ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে এবারও কয়েক দিন মিলিয়ে টানা ছুটির ব্যবস্থা রাখা হয়েছে। ঈদুল ফিতরের ক্ষেত্রে ঈদের দিন সাধারণ ছুটির সঙ্গে আগে দুই দিন এবং পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ফলে এ উৎসবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবেন।
অন্যদিকে ঈদুল আজহায় ছুটির পরিধি আরও এক দিন বেশি। এ উপলক্ষে ঈদের দিন সাধারণ ছুটির পাশাপাশি আগে দুই দিন ও পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে কোরবানির ঈদে ছুটি থাকবে ছয় দিন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, নির্ধারিত এ ছুটির বিধান দেশের সব সরকারি ও আধা-সরকারি কার্যালয়ের পাশাপাশি সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
এর আগে গত ২ নভেম্বর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়। মন্ত্রিসভার সেই অনুমোদনের পরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হলো।