প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬ ০৯:৩৮ এএম
ইকবাল সোবহান চৌধুরী। ফাইল ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ডিবিসির সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় হওয়া একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে যাত্রাবাড়ী থানার বৈষম্যবিরোধী হত্যা মামলায় (মামলা নম্বর ২৩) গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি ২০২৪ সালের ২৬ আগস্ট দায়ের হয়।
তিনি আরও জানান, ডিবি কার্যালয়ে আনা ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।
এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত টেলিভিশন চ্যানেল ডিবিসির কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নেয় ডিবি।