সহিংসতার ছবি তুলে পাঠানো হয় নেতাদের কাছে
আজিজুল ইসলাম, ঢাকা ও তানভীর আহমেদ, গাজীপুর
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২২:৪৬ পিএম
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলারাক্ষাকরী বাহিনী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে সহিংস করে তোলার জন্য বস্তি ও বিভিন্ন এলাকা থেকে তরুণ-যুবকদের সংগ্রহ করার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে উঠে এসেছে, তাদের টাকার বিনিময়ে আন্দোলনে অংশ নেওয়া, পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের মতো কাজে ব্যবহার করা হচ্ছে। সাধারণ শ্রমিকদের সঙ্গে অবস্থান করার জন্য তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন পোশাক কারখানার ভুয়া পরিচয়পত্র। মিরপুর ও গাজীপুরের কয়েকটি স্থানে এসব পরিচয়পত্র ছাপানোর তথ্যও পাওয়া গেছে।
প্রতিদিনের বাংলাদেশের অনুসন্ধান, প্রত্যক্ষদর্শী, কারখানা-সংশ্লিষ্ট ব্যক্তি এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, মিরপুরের বিহারি পল্লী ও মিল্কভিটা রোডের আশপাশের এলাকা থেকে কিশোর-যুবকদের সংগ্রহ করে আন্দোলনে যুক্ত করার অভিযোগ রয়েছে। একইভাবে গাজীপুরের টঙ্গী, ভোগড়া বাইপাস, বোর্ডবাজার ও জিরানী শিল্পাঞ্চলেও বহিরাগত অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। তাদের কারও কারও গলায় ঝুলছে পোশাক কারখানার পরিচয়পত্র, যদিও সংশ্লিষ্ট কারখানার নিয়মিত কর্মী হিসেবে তাদের কোনো পরিচিতি নেই। অনুসন্ধানে জানা গেছে, মিরপুরের ১০ নম্বর এলাকার ফলপট্টির কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে টাকার বিনিময়ে পোশাক কারখানার পরিচয়পত্র ছাপানোর কাজ হচ্ছে। কার্ড তৈরির সঙ্গে যুক্ত একজন ব্যবসায়ী বলেন, ‘আমরা তো কাজ করি। কেউ যদি কার্ড বানাতে আসে, আমরা ফিরিয়ে দিই কীভাবে? কে কোম্পানির লোক, কে অপরাধী, সেটা তো আমরা জানি না, বুঝতেও পারি না।’
গাজীপুরের ভোগড়া বাইপাস ও আশপাশের শিল্পাঞ্চলেও ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে আন্দোলনে অনুপ্রবেশের অভিযোগ পাওয়া গেছে। ভোগড়া স্টাইলিশ ফেব্রিক্স পোশাক কারখানার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের এখানে কাজ করা অনেক শ্রমিককে চেনা যায়। কিন্তু কয়েক দিন ধরে অনেক নতুন মুখ দেখা যাচ্ছে, যাদের গলায় আমাদের কারখানার আইডি কার্ড ঝোলানো। তবে আইডি কার্ডের ফিতা ভিন্ন।’
ভোগড়া এলাকার আরেকটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীর ভাষ্য, ‘গত মঙ্গলবার সকালে ১০০ থেকে ২০০ জনের একটি দল কারখানার সামনে এসে চিৎকার-চেঁচামেচি করে কারখানা বন্ধের চেষ্টা করে। সড়কে অবস্থান নিতে না পেরে তারা কারখানার সামনে গিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে।’
স্থানীয় পোশাক শ্রমিক রত্না প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ন্যূনতম মজুরি ও বকেয়া বেতনের মতো দাবির বিষয়ে সরকার সিদ্ধান্ত নেওয়ার পরও আন্দোলন চলতে থাকায় তারা উদ্বিগ্ন। ঘরভাড়া ও সংসারের খরচ চালানোই তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। অথচ বহিরাগতদের একটি দল বিভিন্ন কারখানার সামনে গিয়ে জোর করে কারখানা বন্ধের চেষ্টা করছে।
মিরপুরে ১৫০ জনের বিশেষ দল
গত সোমবার মিরপুর ১১ নম্বরে শ্রমিক আন্দোলনে অংশ নেওয়া কিশোরগঞ্জের এক সাবেক ছাত্রলীগ নেতার সঙ্গে কথা হয় প্রতিদিনের বাংলাদেশের। তিনি জানান, আন্দোলনে রাজনৈতিক কর্মীদের পাশাপাশি নির্দিষ্ট কাজের জন্য অর্থের বিনিময়ে লোক রাখা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে তিনি মিরপুর এলাকায় অবস্থান করছেন। আন্দোলনের ডাক এলে তারা মাঠে নামেন।
আন্দোলনে কতজন রয়েছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রায় ১৫০ জনের মতো মাঠে আছেন। তাদের সবাই একেকটা বুলেট।’ লোক সংগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘আমরা যারা আছি, তারা তো আছিই। এর বাইরে নির্দিষ্ট কাজের জন্যও টাকা দিয়ে লোক রাখা হয়েছে। নেতারা এদের বসকে দৈনিক নির্দিষ্ট কাজের জন্য টাকা দেন। আমাদের কাজ হলো ওদের পর্যবেক্ষণ করা, ছবি তোলা এবং গ্রুপে পাঠানো।’
তার এ বক্তব্যের সঙ্গে আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তে পাওয়া কিছু তথ্যের মিল রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে। ডিবির দাবি, গত রবিবার মিরপুরের বিক্ষোভ থেকে গ্রেপ্তার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ২৬ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদ এবং তাদের মোবাইল ফোন যাচাই করে আন্দোলনে পরিকল্পিতভাবে লোক সংগ্রহ ও সমন্বয়ের তথ্য পাওয়া গেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, বিদেশে অবস্থানরত কয়েকজন আওয়ামী লীগ নেতার নির্দেশনা ও অর্থায়নে ঢাকায় লোক সংগ্রহের কাজ চলছিল। এ ক্ষেত্রে আলিফ মোল্লাহ ও মাহবুবুর রহমান জুয়েলের নাম এসেছে।
রাজনৈতিক কর্মীদের অনুপ্রবেশের অভিযোগ
গাজীপুরের টঙ্গী, ভোগড়া বাইপাস, বোর্ডবাজার ও জিরানী এলাকার শিল্পাঞ্চলেও শ্রমিক আন্দোলনে বহিরাগতদের নেতৃত্ব দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্তসংশ্লিষ্ট সূত্রের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের একাধিক চিহ্নিত কর্মী এবং বিভিন্ন জেলা থেকে আসা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভুয়া কারখানা থেকে পরিচয়পত্র তৈরি করে দেওয়া হয়েছে। ঢাকা ও আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রলীগের নেতাকর্মীদের কেউ কেউ শিক্ষার্থী পরিচয় গোপন করে কিংবা স্টুডেন্ট আইডি ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ রয়েছে। সামাজিক মাধ্যমে আন্দোলনের ছবি প্রকাশ করে উত্তেজনা ছড়ানোর অভিযোগও উঠেছে। সূত্রের দাবি, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলমের মালিকানাধীন প্রতিষ্ঠান অনারেবল টেক্সটাইল অ্যান্ড কম্পোজিট লিমিটেড এবং জেড আলম অ্যাপারেলসের আশপাশের চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকা আন্দোলনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। অভিযোগ, শরীফ মোল্লা এখান থেকে শ্রমিক ও বস্তির লোকজন সংগ্রহ করে আন্দোলনে যুক্ত করছেন। আন্দোলনের বিভিন্ন ছবি ও ভিডিও ধারণ করে সেলিম আজাদের মাধ্যমে দলের ঊর্ধ্বতন নেতাদের কাছে পাঠানো হতো বলেও অভিযোগ রয়েছে।
গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম আজাদ, সাত্তাব মোল্লা, ছোট শহিদ ও শরিফ মোল্লার নেতৃত্বে কিছু লোক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা ও ভাঙচুরে অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, ‘আমরা বোঝার চেষ্টা করছি, এটা প্রকৃত শ্রমিক আন্দোলন, নাকি অন্য কিছু। বেশ কিছু লোককে চিহ্নিত করেছি, যারা শ্রমিক নন। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।’
গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম বলেন, শ্রমিক আন্দোলন শুরুর আগে তারা বিষয়টি জানতেন না। আন্দোলন শুরুর পর সরকার তাদের ডেকে পরামর্শ চেয়েছে এবং তারা শ্রমিকদের কাজে ফেরার আহ্বানও জানিয়েছেন। তবে এখন আন্দোলনে নাশকতার চেষ্টা হচ্ছে বলে মনে হচ্ছে।’