গণপূর্তে লটারির মাধ্যমে বদলি-পদায়ন
বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ২০:৩৩ পিএম
গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বদলি ও পদায়নে ১২০ কোটি টাকার অবৈধ লেনদেন, গ্রেডিং শিট পরিবর্তন এবং পূর্বনির্ধারিত পদায়নের অভিযোগ প্রত্যাখ্যান করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
অভিযোগগুলোকে অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মন্ত্রণালয় বলেছে, বদলি-পদায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই লটারি পদ্ধতি চালু করা হয়েছে। পুরো কার্যক্রম গণমাধ্যম ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত পরিবেশে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার এক প্রতিবাদলিপিতে মন্ত্রণালয় জানায়, গণপূর্ত অধিদপ্তরে দীর্ঘদিন ধরে বদলি ও পদায়ন নিয়ে নানা অভিযোগ ছিল। তদবির ও অনিয়মের সুযোগ বন্ধ করতে অনুমোদিত নীতিমালার ভিত্তিতে লটারির মাধ্যমে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে উন্মুক্ত পরিবেশে অনুষ্ঠিত লটারিতে সচিবালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন। টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমেও কার্যক্রমটি সরাসরি সম্প্রচার করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ বছরের জুলাই ও আগস্টে তিন দফায় মোট ১ হাজার ৪৩০ জন প্রকৌশলীকে লটারির মাধ্যমে বদলি ও পদায়ন করা হয়। এর মধ্যে ৩০ জুলাই ৭৬৭ জন উপসহকারী প্রকৌশলী (সিভিল), ৩ আগস্ট ২৫৪ জন উপসহকারী প্রকৌশলী (ই/এম) এবং ১৬ আগস্ট ৪০৯ জন সহকারী ও উপবিভাগীয় প্রকৌশলীকে বদলি করা হয়। সর্বশেষ দফায় ১৫২ জন সহকারী প্রকৌশলী (সিভিল), ৬৭ জন সহকারী প্রকৌশলী (ই/এম), ১৩৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (সিভিল) এবং ৫৫ জন উপবিভাগীয় প্রকৌশলী (ই/এম) ছিলেন।
এরপর ১৩ অক্টোবর নির্বাহী প্রকৌশলীদের বদলি ও পদায়নেও লটারি অনুষ্ঠিত হয়। ওই কার্যক্রমে অংশ নিয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছিলেন, বদলি বাণিজ্য বন্ধ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত এবং যোগ্য ব্যক্তিকে উপযুক্ত স্থানে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তবে নির্বাহী প্রকৌশলীদের পদায়ন ঘিরে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে লটারি পদ্ধতির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, কর্মকর্তাদের জ্যেষ্ঠতা, অভিজ্ঞতা, দক্ষতা, সততা ও বার্ষিক গোপনীয় অনুবেদনের (এসিআর) ভিত্তিতে পাঁচটি শ্রেণিতে ভাগ করার ক্ষেত্রে যথাযথ মানদণ্ড অনুসরণ করা হয়নি। গ্রেডিং শিটে পরিবর্তন এনে কিছু কর্মকর্তার গুরুত্বপূর্ণ কর্মস্থলে পদায়নের সুযোগ তৈরি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি কর্মবিভাগে আগে থেকেই পছন্দের কর্মকর্তাদের পদায়নের পরিকল্পনা ছিল বলে দাবি অভিযোগকারীদের।
এ ছাড়া ১২০ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগও সামনে এসেছে। অভিযোগে মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের একটি অংশের বিরুদ্ধে যোগসাজশের কথা বলা হয়েছে। তবে এ অর্থের পরিমাণ কিংবা কথিত লেনদেনের সত্যতা পাওয়া যায়নি বলেও দাবি মন্ত্রণালয়ের।
এসব অভিযোগের জবাবে মন্ত্রণালয় আরও বলেছে, পুরো লটারি কার্যক্রম গণমাধ্যম ও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত ছিল। এমন প্রকাশ্য কার্যক্রম নিয়ে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া অনিয়ম ও কারসাজির অভিযোগ তোলা কাল্পনিক ও ভিত্তিহীন। মন্ত্রণালয়ের বক্তব্য, লটারির মাধ্যমে পদায়নের পর কোনো কর্মকর্তা প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি বিধিবিধান অনুসরণ করে মানবিকভাবে তা বিবেচনা করা হচ্ছে।
প্রতিবাদলিপিতে ১২০ কোটি টাকার অভিযোগসংক্রান্ত একটি পত্রে রুস্তম মল্লিক নামে একজন সাংবাদিকের নাম ও মোবাইল নম্বর ব্যবহারের বিষয়টিও তুলে ধরেছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দাবি, এ বিষয়ে উল্লিখিত মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে রুস্তম মল্লিক জানান, কে বা কারা তার নাম ও নম্বর ব্যবহার করে অভিযোগ দায়ের করেছেন, সে বিষয়ে তিনি কিছুই জানেন না। ওই অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততাও নেই বলে জানিয়েছেন তিনি।
মন্ত্রণালয় আরও বলেছে, লটারি পদ্ধতিতে বদলি ও পদায়নের উদ্যোগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার একটি প্রক্রিয়া। এ পদ্ধতি বিভিন্ন মন্ত্রণালয়েও অনুসরণ করা হচ্ছে। তাই সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া এ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা অনাকাঙ্ক্ষিত।
প্রতিবাদলিপিতে গণমাধ্যমে প্রকাশিত অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহার এবং ভবিষ্যতে তথ্য-প্রমাণ যাচাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।