ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর ‘লিডিং বাই এক্সাম্পল: স্কেলিং রুফটপ সোলার ইন পাবলিক সেক্টর’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন মাহ্দী আমিন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘদিনের সৌরবিদ্যুৎ পরিকল্পনা ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও শিল্প পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
তিনি জানান, সক্ষমতা ও সামর্থ্য বিবেচনায় ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে যত বেশি সম্ভব ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক ভবন এবং শিল্প-কলকারখানায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।
ঢাকায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার সকালে বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর ‘লিডিং বাই এক্সাম্পল: স্কেলিং রুফটপ সোলার ইন পাবলিক সেক্টর’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন মাহ্দী আমিন।
তিনি বলেন, সৌরবিদ্যুৎ নিয়ে বর্তমান সরকারের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা কোনো আকস্মিক ভাবনা নয়। বহু বছর আগে থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনে সৌরশক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলে আসছেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর তার সেই দূরদর্শী ভাবনা এখন জাতীয় নীতিমালায় প্রতিফলিত হচ্ছে।
মাহ্দী আমিন জানান, প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে সৌরশক্তির প্রয়োজনীয়তার কথা বলে আসার পাশাপাশি ব্যক্তিগত অনুপ্রেরণা হিসেবে নিজের বাসভবনের ছাদেও সৌর প্যানেল স্থাপন করেছেন।
দুই দশকেরও বেশি সময় আগে বিএনপি যখন শেষবার সরকার পরিচালনায় ছিল, তখন বিশ্বজুড়ে সৌরবিদ্যুৎ এতটা জনপ্রিয় না হলেও তৎকালীন সরকার এ পরিবেশবান্ধব শক্তির প্রসারে বিভিন্ন নীতিগত উদ্যোগ নিয়েছিল বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, জ্বালানি খাতকে বহুমুখী করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। নবায়নযোগ্য ও পরিবেশবান্ধব জ্বালানিকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি বাংলাদেশের ভৌগোলিক বাস্তবতায় সৌরবিদ্যুতের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে এ এক্সপো সময়োপযোগী উদ্যোগ।
ছয় মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ
দেশের প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সহ লক্ষাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ বিস্তারের বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ছয় মাসের মধ্যে উপযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদ ও অব্যবহৃত খালি জায়গা চিহ্নিত করে সৌরবিদ্যুতের আওতায় আনা হবে বলে জানান মাহ্দী আমিন।
তিনি বলেন, এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। উপযুক্ত প্রতিষ্ঠান চিহ্নিত করার কাজও এগিয়ে চলছে।
সোলার প্যানেল উৎপাদনে দেশীয় শিল্পের গুরুত্ব
সৌরবিদ্যুৎ বিস্তারে বেসরকারি খাতকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন মাহ্দী আমিন।
তার মতে, মাঠপর্যায়ে বাস্তবায়নের মূল কাজ করবে বেসরকারি খাত। এজন্য প্রয়োজনীয় অর্থায়ন, পুঁজি ব্যবস্থাপনা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা হবে।
তিনি বলেন, বর্তমানে ব্যবহৃত সোলার প্যানেল প্রায় শতভাগ আমদানিনির্ভর। দেশে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ও ভ্যালু চেইনে স্থানীয় সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে। সরকারের প্রথম বাজেটেই সৌরশক্তির বিকাশ ও স্থানীয় উৎপাদন সক্ষমতা তৈরিতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
এ নতুন শিল্পকে কেন্দ্র করে তরুণদের ব্যাপক কর্মসংস্থানের সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মী গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি নীতিমালার মাধ্যমে বেসরকারি খাতকে সুবিধা দেওয়া হবে, যাতে তারা সোলার প্যানেল উৎপাদন থেকে শুরু করে পুরো সাপ্লাই চেইন ও দক্ষ কর্মিবাহিনী গড়ে তুলতে নেতৃত্ব দিতে পারে।
সোলার বিপ্লবে সবাইকে এগিয়ে আসার আহ্বান
দেশে কাঙ্ক্ষিত সোলার বিপ্লব সফল করতে বসতবাড়ি, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালসহ সব ক্ষেত্রে সৌরশক্তি ব্যবহারের আহ্বান জানান মাহ্দী আমিন।
তিনি বলেন, জাতীয় বাজেটেও সৌরবিদ্যুৎ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার ও সহায়তা দেওয়া হয়েছে। বেসরকারি খাতকে এগিয়ে আসতে বহুমুখী সুযোগ ও বিশেষ প্রণোদনা দিচ্ছে সরকার।
নিজ বাড়ির ছাদ, কারখানার ছাদ কিংবা প্রাতিষ্ঠানিক চত্বরের অব্যবহৃত জায়গায় সোলার প্যানেল স্থাপনকে অগ্রাধিকার দেওয়ার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেন তিনি। অর্থায়নকারী প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সৌরবিদ্যুৎ বিস্তারে অনুকূল পরিবেশ নিশ্চিত করা হয়েছে বলেও জানান।
সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে মাহ্দী আমিন বলেন, বেসরকারি খাতসহ সংশ্লিষ্ট সব অংশীজনকে একযোগে এগিয়ে আসতে হবে। সরকারের নীতিগত সহায়তার সঙ্গে সবার সমন্বিত প্রয়াস যুক্ত হলেই টেকসই উন্নয়ন ও জ্বালানি স্বনির্ভরতা নিশ্চিত করার পরিকল্পনা সফল হবে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. মাহবুবুল হক, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ মো. হাসান জফির তুহিন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ.কে.এম. সোহেল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা ও সোলারিকের পরিচালক প্রকৌশলী নাজনীন আক্তার।