নেত্রকোণার হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনায় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
হাওরের দুর্গম এলাকায় স্যাটেলাইট হাসপাতাল ও নৌ-অ্যাম্বুলেন্স চালু, জলমহাল ব্যবস্থাপনায় প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত এবং শিক্ষা অবকাঠামো উন্নয়নের ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে বুধবার র্যামন ম্যাগসেসে পুরস্কার-২০২৬ প্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব প্রস্তাব তুলে ধরেন কায়সার কামাল।
সাক্ষাৎকালে রুনা খানকে আন্তর্জাতিক এ স্বীকৃতির জন্য অভিনন্দন জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের একজন নাগরিকের এমন অর্জন সমগ্র জাতির জন্য গৌরবের। মানবকল্যাণ ও পিছিয়ে পড়া মানুষের জীবনমান পরিবর্তনে নিবেদিত ব্যক্তিদের কাজের স্বীকৃতি অন্যদেরও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।
এ সময় তিনি রুনা খানকে উদ্দেশ করে বলেন, “আপনি আমাদের দেশের সম্পদ, আমাদের ভবিষ্যৎ।”
মতবিনিময়ে নিজের জেলা নেত্রকোণার হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও জীবনসংগ্রামের চিত্র তুলে ধরেন কায়সার কামাল।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও কর্মসংস্থানসহ মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতিতে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে জরুরি স্বাস্থ্যসেবা পাওয়াও বড় চ্যালেঞ্জ।
এ পরিস্থিতি মোকাবিলায় হাওরাঞ্চলে স্যাটেলাইট হাসপাতাল স্থাপনের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি গর্ভবতী নারী, শিশু ও মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য নৌ-অ্যাম্বুলেন্স চালুর প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ডেপুটি স্পিকার বলেন, জীবিকার সংকটে হাওরাঞ্চলের অনেক মানুষ নিজ এলাকা ছেড়ে দেশের বিভিন্ন স্থানে রিকশা চালানোসহ নানা পেশায় যুক্ত হচ্ছেন। অথচ একসময় এ অঞ্চল খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ ছিল। পরিকল্পিত উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে হাওরের কৃষি, মৎস্য ও অন্যান্য সম্পদের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।
জলমহাল ব্যবস্থাপনায় প্রকৃত জেলেদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, অনেক ক্ষেত্রে বিত্তশালী ও প্রভাবশালী ব্যক্তিরা জলমহাল ইজারা নিয়ে মাছ চাষ করছেন। এতে প্রকৃত জেলেদের জীবিকা ও অধিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় জেলে ও জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থানের পাশাপাশি পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাও সহজ হবে।
শিক্ষার সীমাবদ্ধতা তুলে ধরে তিনি বলেন, হাওরাঞ্চলের অনেক শিক্ষার্থীকে বিদ্যালয়ে যেতে প্রতিদিন দুই থেকে তিন মাইল পথ পাড়ি দিতে হয়। শিক্ষাপ্রতিষ্ঠানের স্বল্পতা, দুর্গম যোগাযোগ এবং প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে অনেক শিশু মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থা পরিবর্তনে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও যাতায়াতব্যবস্থা সহজ করা জরুরি।
কায়সার কামাল বলেন, মৎস্যসম্পদ, কৃষি, জীববৈচিত্র্য ও পর্যটনকে কেন্দ্র করে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নেওয়া গেলে হাওরাঞ্চলে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। এ জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সমন্বয়ে বিশেষ টাস্কফোর্স গঠন প্রয়োজন। হাওরকে জাতীয় অর্থনীতি, খাদ্যনিরাপত্তা, মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আধার হিসেবে বিবেচনা করতে হবে।
জবাবে রুনা খান হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ডেপুটি স্পিকারের উদ্যোগ ও ভাবনার প্রশংসা করেন। তিনি স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও মৌলিক অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। নেত্রকোণার হাওরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ফ্রেন্ডশিপের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে ফ্রেন্ডশিপ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।