পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি থেকে পরিশোধের বিষয়ে একমত হয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর এবং জানুয়ারি থেকে পরিশোধের বিষয়ে একমত হয়েছেন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।
ঢাকার সেগুনবাগিচায় বুধবার নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে ঐকমত্য হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। একই তথ্য নিশ্চিত করেন মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন।
বাবুল আখতার বলেন, নতুন মজুরি ডিসেম্বর থেকে কার্যকর হবে। তবে শ্রমিকরা নতুন হারে বেতন পাবেন জানুয়ারি থেকে।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। সেদিন সচিবালয়ে সংবাদ সম্মেলনে বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বোর্ডের প্রথম সভা হয় চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে। এতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। শ্রমিকপক্ষের প্রতিনিধি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ।
বোর্ড সব পদে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করবে। সেই সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো ঘোষণা করে গেজেট প্রকাশ করবে সরকার।