× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানামুখী ক্ষতির মুখে দেশ

আহমেদ তোফায়েল

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ০৮:২৩ এএম

আন্দোলনরত শ্রমিকদের রুখতে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আন্দোলনরত শ্রমিকদের রুখতে টিয়ারশেল নিক্ষেপ করছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পোশাক শ্রমিকদের আন্দোলনে চার দিনে নানামুখী ক্ষতির মধ্যে পড়েছে দেশ।এর মধ্যে শুধু উৎপাদন ব্যাহত হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকার। এর প্রভাব শুধু তৈরি পোশাক কারখানায় সীমাবদ্ধ থাকেনি; সুতা, কাপড়, ডাইং, প্রিন্টিং, বোতাম, জিপার, প্যাকেজিং, পরিবহন, বন্দর ও শিপিং খাতেও ছড়িয়ে পড়েছে। কারখানায় উৎপাদন বন্ধ থাকায় কাঁচামাল সরবরাহ, পণ্য পরিবহন ও রপ্তানি চালান পাঠানোর সময়সূচি ব্যাহত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও পিছিয়ে পড়া উৎপাদন ও সরবরাহের চাপ কাটতে সময় লাগবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমের দেওয়া হিসাব অনুযায়ী, শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিন প্রায় ৪ কোটি ডলারের রপ্তানিমূল্যের উৎপাদন ব্যাহত হচ্ছে। চার দিনে এই পরিমাণ দাঁড়ায় ১৬ কোটি ডলার। প্রতি ডলার ১২৪ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ৯৮৪ কোটি টাকা।

এই হিসাবে এক দিনে উৎপাদন ব্যাহত হওয়ার আর্থিক মূল্য প্রায় ৪৯৬ কোটি টাকা। দুই দিনে তা ৯৯২ কোটি ও তিন দিনে ১ হাজার ৪৮৮ কোটি টাকা। আর চার দিনে তা প্রায় ২ হাজার কোটি টাকায় পৌঁছেছে। তবে এটি উৎপাদন ব্যাহত হওয়ার আনুমানিক রপ্তানিমূল্য। 

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “প্রায় ৭০০টি কারখানায় পুরোপুরি বা আংশিক উৎপাদন বন্ধ থাকায় পোশাক শিল্পের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার আশঙ্কা, দীর্ঘ সময় উৎপাদন ব্যাহত হলে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের পণ্য সরবরাহের সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ সম্ভব না হলে রপ্তানি আদেশ পিছিয়ে যাওয়ার পাশাপাশি পরিবহন ব্যয়ও বাড়বে। রয়েছে ভবিষ্যতে ক্রয়াদেশ কমে যাওয়ার ঝুঁকি”।

শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবির বিষয়ে হাতেম বলেন, “অনেক কারখানার পক্ষে একবারে এত বেশি মজুরি বাড়ানো সম্ভব নয়। তার হিসাবে, পোশাক শিল্পে বর্তমানে প্রায় ৩০ থেকে ৩২ লাখ শ্রমিক কাজ করছেন। তাদের মধ্যে মাত্র ১৭ শতাংশ ন্যূনতম মজুরি পান। অভিজ্ঞ মেশিন অপারেটরদের মাসিক বেতন ২০ থেকে ২৫ হাজার টাকা। হাতেমের দাবি, গত তিন বছরে আর্থিক সংকটের কারণে ৪০০টির বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে। এতে প্রায় চার লাখ শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন”।

নতুন করে মজুরি বাড়ানোর ক্ষেত্রে কারখানার আর্থিক সক্ষমতা বিবেচনায় নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।

আন্দোলনে বহিরাগতদের সংশ্লিষ্টতার অভিযোগও করেছেন বিকেএমইএ সভাপতি। তার দাবি, কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিতে চাইলেও বাইরে থেকে আসা ব্যক্তিরা হামলা ও ভাঙচুর করে উৎপাদন ব্যাহত করেছেন। পরিস্থিতির উন্নতি না হলে শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের বিষয়টিও মালিকরা বিবেচনা করতে পারেন।

সুতা-কাপড়ের অর্ডারেও প্রভাব

পোশাক কারখানায় উৎপাদন কমে যাওয়ায় প্রথম ধাক্কা লেগেছে সুতা ও কাপড় সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে। স্পিনিং মিলগুলো পোশাক ও বস্ত্র কারখানার চাহিদা অনুযায়ী সুতা উৎপাদন করে। অন্যদিকে নিটিং, উইভিং, ডাইং ও ফিনিশিং প্রতিষ্ঠানগুলো সুতা থেকে কাপড় তৈরি ও প্রক্রিয়াজাত করে।

পোশাক কারখানায় উৎপাদন বন্ধ থাকলে এসব প্রতিষ্ঠানের কাছে নতুন অর্ডার কমে যায়। আগে তৈরি করা সুতা ও কাপড়ও গুদামে পড়ে থাকে। নির্দিষ্ট পোশাক কারখানার অর্ডারের বিপরীতে উৎপাদন করা মিলগুলোর কার্যকরী মূলধন আটকে যাওয়ার ঝুঁকি বেশি। সংশ্লিষ্টরা জানান, মজুদ পণ্য বেড়ে গেলে নতুন কাঁচামাল কেনা, ব্যাংকঋণ পরিশোধ এবং শ্রমিক-কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রে চাপ তৈরি হয়। তবে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আন্দোলনের কারণে সুতা ও কাপড় খাতে উৎপাদন কিংবা বিক্রি কতটা কমেছে, তার কোনো সমন্বিত হিসাব এখনও প্রকাশ করেনি।

বোতাম, জিপার, লেবেল, হ্যাংট্যাগ, ইলাস্টিক, হুক, পলিব্যাগ ও কার্টন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও একই ধরনের পরিস্থিতির মুখে পড়েছে। বিশেষ করে বিদেশি ক্রেতার নাম, লোগো ও চালানের নির্দিষ্ট তথ্য দিয়ে তৈরি কার্টন অন্য ক্রেতার কাছে বিক্রি করা কঠিন। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উৎপাদন পরিকল্পনা ও পুঁজি ব্যবস্থাপনায় চাপ তৈরি হয়।

পরিবহন ও বন্দরে আটকা পণ্য

শ্রমিক আন্দোলন ও সড়ক অবরোধের প্রভাব পড়েছে পরিবহন খাতেও। ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলসংলগ্ন সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান আটকে পড়েছে। কোথাও দীর্ঘ যানজট তৈরি হয়েছে, কোথাও যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এ পরিস্থিতিতে পরিবহন প্রতিষ্ঠানের গাড়ির ট্রিপ কমে যাওয়ার পাশাপাশি চালক, শ্রমিক ও গাড়ি পরিচালনার ব্যয় বহনের চাপ তৈরি হয়েছে। এ ছাড়া পোশাক কারখানায় উৎপাদন শেষ না হলে নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য চট্টগ্রাম বন্দরে পৌঁছানোও কঠিন হয়ে পড়ে। এতে কনটেইনার পরিবহন, ফ্রেইট ফরোয়ার্ডিং ও শিপিং প্রতিষ্ঠানগুলোর কাজের সময়সূচি পরিবর্তনের প্রয়োজন হয়। নির্ধারিত জাহাজে পণ্য পাঠানো সম্ভব না হলে রপ্তানিকারকদের অতিরিক্ত সংরক্ষণ, পরিবহন ও পুনরায় বুকিংয়ের ব্যয় বহন করতে হয়।

বিদেশি ক্রেতাদের উদ্বেগ

উৎপাদন ও সরবরাহে বিলম্বের কারণে বিদেশি ক্রেতাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। বিজিএমইএর পরিচালক ও রপ্তানিকারকদের বক্তব্য অনুযায়ী, কয়েকটি আন্তর্জাতিক ক্রেতাপ্রতিষ্ঠান কারখানার উৎপাদন পরিস্থিতি এবং পণ্য পাঠানোর সময় জানতে চেয়েছে। কিছু অর্ডার ভারত, পাকিস্তানসহ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কাও জানিয়েছেন উদ্যোক্তারা।

জরুরি চালান পাঠাতে আকাশপথের ওপর নির্ভরতা বাড়লে রপ্তানিকারকদের ব্যয় আরও বাড়তে পারে। কারণ সমুদ্রপথের তুলনায় আকাশপথে পণ্য পরিবহনের খরচ অনেক বেশি। তবে আন্দোলনের কারণে ইতিমধ্যে কত পণ্য আকাশপথে পাঠানো হয়েছে, তার নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যায়নি।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “দীর্ঘদিনের মূল্যস্ফীতির কারণে স্বল্প আয়ের শ্রমিকদের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে। প্রকৃত আয় কমে গেলে তাদের জীবনযাত্রার মান কমাতে হয়। এসব শ্রমিকের হাতে বাড়তি কোনো আয় থাকে না। ফলে নিত্যপণ্যের দাম বাড়লে তাদের জীবনযাত্রায় সরাসরি চাপ পড়ে। তিনি বলেন, তৈরি পোশাক কারখানার আন্দোলন শুধু এই খাতের মধ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব সুতা, কাপড়, ডাইং, প্রিন্টিং, বোতাম, জিপার, লেবেল, কার্টন ও প্যাকেজিং শিল্পের পাশাপাশি পরিবহন, কনটেইনার, বন্দর ও শিপিং খাতেও পড়ছে”।

কারখানা খুললেও চাপ থাকবে

উদ্যোক্তারা জানিয়েছেন, কারখানা খুলে যাওয়ার অর্থ এই নয় যে উৎপাদন ও সরবরাহব্যবস্থা সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যাবে। পিছিয়ে পড়া পণ্য তৈরি, কাঁচামাল সংগ্রহ, সহযোগী প্রতিষ্ঠানের কাছ থেকে উপকরণ সরবরাহ এবং বিদেশি ক্রেতাদের নির্ধারিত সময়ে পণ্য পাঠানোর চাপ থাকবে। এ ছাড়া কয়েক দিনের উৎপাদন ঘাটতি পূরণ করতে কারখানাগুলোকে বাড়তি সময় ধরে কাজ করতে হতে পারে। একই সময়ে সুতা, কাপড়, অ্যাক্সেসরিজ ও পরিবহনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও তাদের সরবরাহের সময়সূচি নতুন করে সাজাতে হবে।

উদ্যোক্তারা বলছেন, সহযোগী শিল্প, পরিবহন ও রপ্তানি সরবরাহব্যবস্থার ক্ষতিও বিবেচনায় নিতে হবে। এসব খাতের সম্মিলিত ক্ষতির নির্ভরযোগ্য হিসাব না থাকায় প্রকৃত আর্থিক প্রভাব এখনও পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি। কারখানার উৎপাদন স্বাভাবিক হওয়ার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা ও নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের সক্ষমতা ধরে রাখাই এখন শিল্পটির সামনে বড় চ্যালেঞ্জ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা