বিশ্বব্যাংকের প্রতিবেদন
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সামনে কর্মক্ষম জনগোষ্ঠীকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তরের সুযোগ রয়েছে আর প্রায় দুই দশক। ২০৪৫ সালে কর্মক্ষম মানুষের অনুপাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর কমতে শুরু করবে। তবে আনুষ্ঠানিক কর্মসংস্থানের অভাব, শ্রমবাজারে নারীর কম অংশগ্রহণ এবং শিক্ষা ও দক্ষতার ঘাটতির কারণে এ জনমিতিক সুবিধা পুরোপুরি কাজে লাগাতে পারছে না। এ সুযোগ কাজে লাগাতে এখনই কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও উৎপাদনশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক।
আজ মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া : ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ বা ‘দক্ষিণ এশিয়ায় জনমিতিক পরিবর্তন : উন্নয়নে নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
এতে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশের তুলনায় বাংলাদেশ জনমিতিক সুবিধা কাজে লাগানোর জন্য কিছুটা বেশি সময় পাবে। তবে এ সুযোগ সীমিত। কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত বৃদ্ধির ফলে সৃষ্ট অর্থনৈতিক সুবিধা ধীরে ধীরে কমে আসবে।
কর্মসংস্থানের বড় অংশ অনানুষ্ঠানিক খাতে : বাংলাদেশে জনমিতিক সুবিধা কাজে লাগানোর পথে বড় বাধা কর্মসংস্থানের ধরন। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রায় ৮৪ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। সংখ্যায় এ ধরনের কর্মীর পরিমাণ প্রায় ৫ কোটি ৮০ লাখ। শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যেও অনানুষ্ঠানিক খাতে কাজ করার প্রবণতা বেশি। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী কর্মীদের ৪৪ শতাংশই এ খাতে নিয়োজিত।
অন্যদিকে আনুষ্ঠানিক খাতে কর্মসংস্থান বাড়ছে ধীরগতিতে। সাম্প্রতিক সময়ে ছোট প্রতিষ্ঠানগুলো গড়ে কর্মীর সংখ্যা কমিয়েছে। ফলে তরুণদের জন্য স্থায়ী ও আনুষ্ঠানিক চাকরির সুযোগ প্রত্যাশিত হারে বাড়ছে না।
বিশ্বব্যাংকের মতে, শুধু কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়লেই অর্থনৈতিক সুফল মিলবে না। কর্মীদের উৎপাদনশীল কাজে যুক্ত করার পাশাপাশি তাদের দক্ষতার সঙ্গে শ্রমবাজারের চাহিদার সমন্বয় করতে হবে।
বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে বলেন, বাংলাদেশের জনমিতিক সুযোগের সুফল নির্ভর করছে এখন নেওয়া পদক্ষেপের ওপর। এজন্য প্রতিষ্ঠানগুলোকে উন্নত কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা, তরুণদের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ করে তোলা এবং কর্মক্ষেত্রে নারীর প্রবেশের বাধা দূর করা প্রয়োজন।
নারীর অংশগ্রহণ ও দক্ষতা বাড়ানোর তাগিদ : নারীর কম শ্রমশক্তি অংশগ্রহণকেও জনমিতিক সুবিধা কাজে লাগানোর অন্যতম বাধা হিসেবে চিহ্নিত করেছে বিশ্বব্যাংক। কর্মক্ষম জনগোষ্ঠীর বড় অংশকে উৎপাদনশীল কাজে যুক্ত করতে না পারলে সম্ভাব্য অর্থনৈতিক সুফল সীমিত থাকবে। এ পরিস্থিতি মোকাবিলায় নারীদের কর্মসংস্থানের বাধা দূর করা এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগের (এমএসএমই) অর্থায়ন সহজ করার সুপারিশ করেছে সংস্থাটি। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের অর্থায়নের সুযোগ বাড়ানো, ব্যবসায়িক নিয়মকানুন সহজ করা এবং শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে।
তরুণদের শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, কর্মক্ষেত্রের উপযোগী দক্ষতা অর্জনের ওপরও জোর দিয়েছে বিশ্বব্যাংক। কারণ, উচ্চশিক্ষা শেষ করেও উল্লেখযোগ্য সংখ্যক কর্মী অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। তাই শিক্ষা ও চাকরির বাজারের মধ্যে ব্যবধান কমানো জরুরি।
প্রতিবেদনের পূর্বাভাস অনুযায়ী, এক দশকেরও কম সময়ের মধ্যে দক্ষিণ এশিয়ায় কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে কমতে শুরু করবে। ২০৪৯ সালের মধ্যে এ অঞ্চল প্রবীণ-নির্ভর অর্থনীতিতে প্রবেশ করবে। তখন মোট জনসংখ্যার ১৪ শতাংশের বয়স হবে ৬৫ বছর বা তার বেশি। বাংলাদেশে এ পরিস্থিতি আসতে পারে ২০৫১ সালে।
জনমিতিক সুবিধার অবদান কমবে : বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০০ সাল থেকে দক্ষিণ এশিয়ায় কর্মক্ষম মানুষের সংখ্যা ও অনুপাত বৃদ্ধির ফলে আঞ্চলিক মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রতিবছর গড়ে ০ দশমিক ৪ শতাংশ অবদান যুক্ত হয়েছে। একই সময়ে জনসংখ্যার বয়স কাঠামোর পরিবর্তনের কারণে শ্রমের উৎপাদনশীলতা বেড়েছে বছরে ১ দশমিক ১ শতাংশ।
তবে আগামী দিনগুলোতে এ সুবিধা কমে আসবে। ২০৫০ সাল নাগাদ দক্ষিণ এশিয়ার জিডিপি প্রবৃদ্ধিতে জনসংখ্যার বয়স কাঠামোর পরিবর্তনের বার্ষিক অবদান ০ দশমিক ১ শতাংশে নেমে আসতে পারে। অর্থাৎ, শুধু কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়িয়ে আগের মতো প্রবৃদ্ধি ধরে রাখা সম্ভব হবে না। এজন্য দক্ষতা, কর্মসংস্থান ও উৎপাদনশীলতা বাড়াতে হবে।
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাট বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো উন্নয়নের তুলনামূলক আগের পর্যায়েই দ্রুত বার্ধক্যের দিকে এগোচ্ছে। বর্তমান জনমিতিক সুবিধা কাজে লাগাতে বেশি ও উন্নত মানের কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো শক্তিশালী করা এবং প্রবীণদের চাহিদা পূরণের প্রস্তুতি নিতে হবে।
বার্ধক্যের প্রস্তুতিও নিতে হবে : জনসংখ্যার বয়স কাঠামো পরিবর্তনের সঙ্গে স্বাস্থ্যসেবা, দীর্ঘমেয়াদি পরিচর্যা ও প্রবীণদের আয়-নিরাপত্তার চাহিদা বাড়বে। তবে এ চাপ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার সামাজিক সুরক্ষা ও পেনশন ব্যবস্থা যথেষ্ট প্রস্তুত নয় বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার কর্মক্ষম জনগোষ্ঠীর মাত্র ১৭ শতাংশ পেনশন কর্মসূচিতে অর্থ জমা দেন। অন্যদিকে প্রবীণদের মাত্র ১০ শতাংশ পেনশন সুবিধা পান, যা বিশ্বে সর্বনিম্ন।
বাংলাদেশেরও স্বাস্থ্যসেবা ও বার্ধক্যকালীন আয়-নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। ভবিষ্যতে এসব খাতে ব্যয় বাড়বে। এ ব্যয় মেটাতে অভ্যন্তরীণ রাজস্ব আহরণ বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রবীণদের সবাইকে অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে অবসর নিতে হবে, এমন নয়। সুস্থ প্রবীণদের অভিজ্ঞতা ও কর্মক্ষমতা অর্থনীতিতে কাজে লাগানো সম্ভব। বিশ্বব্যাংক একে জনমিতিক সুবিধার দ্বিতীয় পর্যায়ের সুফল বা ‘সেকেন্ড ডিভিডেন্ড’ হিসেবে উল্লেখ করেছে।