× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১৩:৩৪ পিএম

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার সকালে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার সকালে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ খাতে বিনিয়োগ বাড়াতে দেড় হাজার কোটি টাকার তহবিল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুৎচালিত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার সকালে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) যৌথভাবে এ এক্সপোর আয়োজন করেছে।

প্রধানমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ স্থাপন ও সম্প্রসারণ সহজ করতে সরকার বিশেষ অধ্যাদেশ প্রণয়ন করেছে। এ খাতে বিনিয়োগ উৎসাহিত করতে কর ও শুল্ক সুবিধার পাশাপাশি আর্থিক প্রণোদনার ব্যবস্থা নেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করা সম্ভব হবে।

সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পকারখানা ও বাসাবাড়ির অব্যবহৃত ছাদে সৌর প্যানেল স্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, নেট মিটারিং ব্যবস্থায় নিজস্ব ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে বিশেষ প্রণোদনাসহ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে এ বিদ্যুৎ কেনার ব্যবস্থা করবে সরকার।

কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদন

প্রধানমন্ত্রী বলেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনার খাত নয়, বরং অনিবার্য বাস্তবতা। নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি আমদানি ও সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুৎ খাতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। চলতি অর্থবছরেও প্রায় সমপরিমাণ চাহিদা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ডিজেলের মজুত বাড়ানো, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং বিকল্প সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। জ্বালানি তেল সংগ্রহ করে বিদ্যুৎ উৎপাদনের জন্য আরও ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, অতীতের ব্যর্থতা নিয়ে আলোচনা-সমালোচনায় সময় নষ্ট না করে বিদ্যুতের চাহিদা মেটানো এবং বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার। এ জন্য বিদ্যুৎ খাতের ব্যয় ও চুক্তি পর্যালোচনা, দেশীয় গ্যাস অনুসন্ধান, জ্বালানির উৎসে বৈচিত্র্য আনা এবং সৌরবিদ্যুৎ সম্প্রসারণে একযোগে কাজ চলছে।

নিজের বাসায় সৌর প্যানেল স্থাপন করেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী জানান, জনগণকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করার আগে তিনি নিজেই নিজের বাসায় সৌর প্যানেল স্থাপন করেছেন। এতে বাসায় ব্যবহারের পর অতিরিক্ত বিদ্যুৎ প্রায় প্রতিদিন জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারছেন।

তিনি বলেন, সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারির মতো যন্ত্রপাতির আমদানি এবং দেশীয় উৎপাদন উৎসাহিত করতে কর ও শুল্ক সুবিধা দেওয়া হয়েছে। শুধু বিদ্যুৎ উৎপাদন বাড়ানো নয়, জনগণের বিদ্যুৎ ব্যবহারের খরচ কমানোও সরকারের অন্যতম অগ্রাধিকার।

সৌরবিদ্যুৎ খাতে আট হাজারের বেশি সেবাদানকারী প্রতিষ্ঠান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানকে স্থাপিত সিস্টেমের কার্যকারিতা, নিয়মিত রক্ষণাবেক্ষণ ও গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকেও উদ্যোক্তাদের সমস্যা সমাধানে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি।

এক বছরে সৌরচালিত হবে ১৭ হাজার সেচপাম্প

কৃষি খাতে সৌরবিদ্যুতের সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে বিদ্যুৎচালিত সেচপাম্প সৌরবিদ্যুতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে বরেন্দ্র এলাকায় এ কার্যক্রম শুরু হয়েছে। আগামী এক বছরের মধ্যে ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কৃষিপণ্য সংরক্ষণ ও গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্যও সৌরবিদ্যুৎ নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। একই সঙ্গে দিনের বেলায় প্রাকৃতিক আলো-বাতাস ব্যবহার এবং অপ্রয়োজনে বাতি, ফ্যান ও ইলেকট্রনিক যন্ত্রপাতি বন্ধ রাখার আহ্বান জানান তিনি।

নবায়নযোগ্য জ্বালানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তা দিতে উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের এ খাতে বিনিয়োগে উৎসাহিত করার কথা বলেন তিনি। তার প্রত্যাশা, সোলার এক্সপো থেকে নতুন উদ্যোক্তা, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

তরুণদের উদ্ভাবনী ধারণায় ৫০০ কোটি টাকা

অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে উদ্ভাবনী ধারণা উপস্থাপনকারী তরুণদের পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিযোগিতায় অন্তত ৩০০ তরুণ-তরুণী নতুন ধারণা তুলে ধরেছেন। আগামীর বাংলাদেশে এ ধরনের উদ্ভাবনী প্রতিযোগিতা অব্যাহত রাখতে হবে।

অর্থের অভাবে যেন তরুণদের উদ্ভাবনী ধারণা হারিয়ে না যায়, সে জন্য চলতি বাজেটে স্টার্টআপের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদসচিব মিরানা মাহরুখ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা