প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। ফাইল ছবি
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিন বিএনপি সরকারকে শান্তিতে থাকতে দেবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।
মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন ও সহিংসতা প্রসঙ্গে মঙ্গলবার সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলছিলেন তিনি।
পোশাক শ্রমিকদের দাবি আদায়ে করা আন্দোলন ও সহিংসতার পেছনে শেখ হাসিনার দেশে ফেরার কোন সংশ্লিষ্টতা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “বাংলাদেশ আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি হিসেবে কিছু করতে পারবে এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু যেহেতু তাদের কাছে লুটের অনেক টাকা পয়সা আছে, সেহেতু তারা কোথাও না কোথাও কোনো ফরম্যাটে নাশকতার চেষ্টা করতে পারে টাকা খরচ করে”।
ডিসেম্বরে শেখ হাসিনার ফেরা হচ্ছে না জানিয়ে তিনি বলেন, “যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তার কাছে এ বিষয়ে তথ্য আছে সে কারণে কোনো লিংক থাকতেই পারে। তার মানে এই না ডিসেম্বরে তার ফেরার পথ তৈরি করার জন্য এটা হচ্ছে। সরকার অন্তত এটা মনে করে না”।
অস্থিতিশীলতা এখন না, এই ডিসেম্বরের পরও আবার কোনো না কোনো সময় সৃষ্টির চেষ্টা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, “কিন্তু আমরা বিশ্বাস করি, এটা এখন না, আবারও বলছি এটা ডিসেম্বর না, এটা পুরো সময়, যত দিন উনি বেঁচে আছেন উনার এই চেষ্টা চলবে বলে আমরা মনে করি এবং আমরা এটাকে প্রতিহত করব”।
জাহেদ আরও বলেন, “হাসিনার একটা কথা বলি, ১৯৯১ সালে উনি আনএক্সপেক্টেডলি, উনারা নাকি সরকার টরকার গঠন করে ফেলেছিলেন, তো উনি হেরে গিয়েছিলেন। উনি তো নিজেও হেরেছিলেন, তিনটা সিটে দাঁড়িয়ে দুটো সিটে হেরে গিয়েছিলেন।
“তো সেটা যখন করছেন, সংসদে প্রথম দিন উনি বলেছিলেন এই সরকারকে একদিনও শান্তিতে থাকতে দেব না। বলেছিলেন না? মানে একটা গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচিত একটা সরকার যেখানে তিনি পার্টিসিপেট করেছেন এবং কিছু সিট টিট পেয়েছেন, তিনি সেখানকার সরকারকে বলছেন”।
শেখ হাসিনার এই চেষ্টা চলতেই থাকবে আশঙ্কা করে জাহেদ বলেন, “উনার ওই সময়কার মেন্টালিটি, ৯১ সালে হাসিনা এখনকার চাইতে কম দানব ছিলেন। কিন্তু উনি তখনও এই কথা বলেছেন। আর এখন উনি আমাদেরকে শান্তিতে থাকতে দেবেন, উনাকে হাজার হাজার, লাখ লাখ লোক নিয়ে পালিয়ে যেতে হয়েছে, উনি সেটা দেবেন না। উনি চেষ্টা করবেন”।
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “এর আগে মজুরি বোর্ড রিভিশন হয়েছে পাঁচ বছর পরপর। ২০২৩ আসলে একবার রিভিশন হয়েছে। ২০২৬ এ এসে রিভিশন হওয়ার কথা ছিল না। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ এবং ২০২৩ সালে রিভিশন হয়েছে। ২০১৩ এর পরে ২০২৬-এ হলো”।