× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লবণাক্ততা-সহনশীল জাত

অনুমোদন পেল ব্রি ধান ১১৯

জাহিদ হাসান ভূঁইয়া, গাজীপুর

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬ ১১:২৬ এএম

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬ ১১:২৭ এএম

লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল নতুন ধানের জাত ‘ব্রি ধান ১১৯’ রোপা আমন মৌসুমে চাষের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল নতুন ধানের জাত ‘ব্রি ধান ১১৯’ রোপা আমন মৌসুমে চাষের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের কৃষি গবেষণায় অর্জিত হয়েছে এক অভাবনীয় সাফল্য। লবণাক্ততা-সহনশীল উচ্চফলনশীল নতুন ধানের জাত ‘ব্রি ধান ১১৯’ রোপা আমন মৌসুমে চাষের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। গত ২৮ অক্টোবর জাতীয় বীজ বোর্ডের (এনএসবি) ১১৬তম সভায় জাতটির অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্ভিদ প্রজনন বিভাগের গবেষকদের দীর্ঘদিনের পরিশ্রম এবং ‘লোকেশন স্পেসিফিক টেকনোলজি ডেভেলপমেন্ট (এলএসটিডি)’ প্রকল্পের অর্থায়নে উদ্ভাবিত জাতটি উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বাড়ানো ও শস্যবিন্যাসে বৈচিত্র্য আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। জাতটির বীজ উৎপাদনের দায়িত্বে রয়েছে ব্রির কৌলিসম্পদ ও বীজ বিভাগ।

গবেষক দলের নেতৃত্বে ছিলেন ব্রির উদ্ভিদ প্রজনন বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ এখলাছুর রহমান। দলের অন্য সদস্যরা হলেন ড. হাসিনা খাতুন, নুসরাত জাহান, আরমিন আক্তার সেতু ও রিবেত ফারজানা দিশা। জাতটির কৌলিক সারি BR13113-4R-63, যা DR-(6) ও HHZ-SAL-Y3-Y2-এর সংকরায়ণে তৈরি। এ জাত লক্ষ্যভিত্তিক প্রজনন কৌশল, মডিফাইড ফিল্ড আরজিএ মেথড, ট্রেইট প্যানেল এসএনপি ডিটেকশন এবং হটস্পটভিত্তিক স্ট্র্যাটেজিক ফরোয়ার্ড ব্রিডিংয়ের সমন্বিত প্রয়োগে উদ্ভাবন করা হয়েছে। এতে সময় লেগেছে সাড়ে সাত বছর, যা প্রচলিত পদ্ধতির তুলনায় প্রায় চার বছর কম।

উপযুক্ত পরিচর্যায় জাতটির গড় ফলন হেক্টরপ্রতি ৫ দশমিক ৭ টন। গবেষণার তথ্য অনুযায়ী, লবণাক্ততা ও পরিবেশভেদে এ জাতের ফলন ৪ দশমিক ৮ থেকে ৭ দশমিক ৬ টন পর্যন্ত। জীবনকাল প্রায় ১১৫ দিন, গাছের গড় উচ্চতা ১১৩ সেন্টিমিটার এবং প্রতি শীষে গড়ে ২১৫টি পুষ্ট দানা পাওয়া যায়। এটি ব্রি ধান৭৩-এর তুলনায় ৭০ থেকে ৮০টি বেশি। কক্সবাজারের মাঠপরীক্ষায় লবণাক্ততার ওঠানামার মধ্যে জাতটির উপযোগিতা যাচাই করা হয়েছে। সাতক্ষীরার লবণাক্ত ও অলবণাক্ত পরিবেশেও ফলন পরীক্ষা চালানো হয়। 

স্বল্প জীবনকালের ব্রি ধান ১১৯ আমন কাটার পর সূর্যমুখী ও লবণসহিষ্ণু সরিষা এবং বোরো কাটার পর ধইঞ্চা চাষের সুযোগ সৃষ্টি করে উপকূলীয় অঞ্চলে ফসলের নিবিড়তা ও মাটির উর্বরতা বাড়াতে পারে।

বোরো মৌসুমে চাষের জন্যও জাতটি সুপারিশ পেয়েছে। 

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম বলেন, ব্রি ধান ১১৯ শুধু লবণাক্ত উপকূলীয় অঞ্চলের কৃষকদের আশার আলোই দেখাবে না, বরং আমাদের খাদ্য নিরাপত্তা জোরদার করতে এবং কৃষকের উৎপাদন ও আয় বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গবেষক দলের নেতৃত্বদানকারী প্রধান প্রজননবিদ ড. মোহাম্মদ এখলাছুর রহমান, দীর্ঘ ও চ্যালেঞ্জিং এই উদ্ভাবনী যাত্রার প্রতিটি ধাপে আমাদের টিম অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। কৃষকের মাঠে এর সুফল দেখতে পাওয়ার আনন্দই আমাদের আসল প্রাপ্তি।

এলএসটিডি প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেন বলেন, লবণাক্ততাপ্রবণ উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং দেশের খাদ্যনিরাপত্তা টেকসই করতে জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা