× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজনৈতিক দলগুলো ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত হচ্ছে: টিআইবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২০:২৭ পিএম

রাজনৈতিক দলগুলো ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত হচ্ছে: টিআইবি

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তিসহ সুশাসনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক ঘাটতি রয়েছে। রাজনৈতিক অর্থায়নে ব্যক্তিনির্ভরতা ও অনানুষ্ঠানিক উৎসের প্রাধান্য দলগুলোতে ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক রাজনীতির বিকাশ ঘটাচ্ছে। অর্থ ও পেশিশক্তির প্রভাব, ক্ষমতার অপব্যবহার এবং কালো টাকার বিস্তার রাজনৈতিক দলগুলোকে ক্রমেই ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেলে পরিণত করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে দলগুলোর অভ্যন্তরীণ সংস্কার অপরিহার্য বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

ঢাকার টিআইবি কার্যালয়ে ‘বাংলাদেশের রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক সুশাসন’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

গবেষণায় ৪২টি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করা হলেও তথ্য দিয়েছে ৩২টি দল। এর মধ্যে ৩৭টি নিবন্ধিত ও পাঁচটি অনিবন্ধিত দল ছিল। ২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রম শুরুর পর থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য ব্যবহার করা হয়েছে। ক্ষেত্রবিশেষে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত হালনাগাদ তথ্যও অন্তর্ভুক্ত করা হয়েছে।

গবেষণায় বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মতো বিষয়ে শক্তিশালী আইনি কাঠামোর ঘাটতি রয়েছে। বিদ্যমান বিধিবিধানের অনেক কিছুই আন্তর্জাতিক উত্তম চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নিবন্ধনের শর্তভিত্তিক ব্যবস্থা প্রতিযোগিতামূলক পৃষ্ঠপোষকতার পরিবেশ তৈরি করছে। ফলে দলগুলো কার্যক্রম পরিচালনায় ব্যবসায়ী ও বিত্তশালীদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।

রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র ও কার্যক্রমেও বিভিন্ন আইনি অসংগতি রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ অনুযায়ী, প্রতিটি দলের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হওয়ার বাধ্যবাধকতা থাকলেও সাতটি দলের গঠনতন্ত্র সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। আরপিওর ৯০খ ধারায় সহযোগী বা অঙ্গসংগঠন না রাখার বিধান থাকলেও প্রায় সব দল, বিশেষ করে বড় দলগুলো ছাত্র ও পেশাজীবীদের নিয়ে সহযোগী বা ভ্রাতৃপ্রতিম সংগঠন পরিচালনা করছে।

নতুন দলের নিবন্ধন নিয়েও অনিয়মের অভিযোগ পেয়েছে টিআইবি। গবেষণায় বলা হয়েছে, নিয়মবহির্ভূত অর্থ লেনদেন, অর্থ ও পেশিশক্তির প্রভাব এবং রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে দল প্রতিষ্ঠা ও নিবন্ধন পাওয়ার ঘটনা ঘটছে। কয়েকটি নতুন দলকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ কিংবা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রভাব বিস্তারের অভিযোগও পাওয়া গেছে।

রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাবেও বড় ধরনের অসংগতি উঠে এসেছে। দলগুলোর দেওয়া তথ্যের ভিত্তিতে টিআইবির প্রাক্কলন অনুযায়ী, নিবন্ধনের শর্ত পূরণে ন্যূনতম ২২টি জেলা ও ১০১টি উপজেলায় কার্যালয় ও কার্যক্রম পরিচালনা করতে একটি দলের বছরে ১৪ থেকে ২৫ কোটি টাকা ব্যয় হয়। অথচ সদস্য চাঁদা থেকে ঘোষিত সর্বোচ্চ আয় মাত্র ২৬ লাখ টাকা।

সারা দেশের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম বিস্তৃত থাকলে বছরে ব্যয় দাঁড়ায় ৩০২ থেকে ৩৯৩ কোটি টাকা। বিপরীতে সদস্য চাঁদা থেকে সম্ভাব্য আয় ১৪ থেকে ৩৮ কোটি টাকা। আর ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত থাকলে বার্ষিক ব্যয় হয় ১ হাজার ৫৩২ থেকে ২ হাজার ১৮৮ কোটি টাকা। সে ক্ষেত্রে সদস্য চাঁদা থেকে আয়ের সম্ভাবনা মাত্র ১১৬ কোটি টাকা।

গবেষণায় আরও দেখা গেছে, কোনো দলেরই সুস্পষ্ট আর্থিক নীতিমালা ও কার্যপ্রণালি বিধি নেই। আয়-ব্যয়, সদস্যদের চাঁদার হার, অনুদান গ্রহণ, মনোনয়ন ফরমের ফি, হিসাব সংরক্ষণ, আর্থিক লেনদেন ও নিরীক্ষা সম্পর্কে গঠনতন্ত্রে নির্দেশনা অস্পষ্ট। দলগুলো বার্ষিক বাজেট প্রণয়ন করে না। এমনকি জমা দেওয়া বার্ষিক আয়-ব্যয়ের নিরীক্ষিত প্রতিবেদনও দল বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয় না।

অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার ক্ষেত্রেও দুর্বলতা রয়েছে। অধিকাংশ দল জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলীয় প্রধান নির্বাচন করলেও গোপন ব্যালটের পরিবর্তে কণ্ঠভোটে নির্বাচন হয়। দলীয় প্রধান পদে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার চর্চা নেই বললেই চলে। কেবল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও আমার বাংলাদেশ পার্টিতে (এবি পার্টি) একাধিক প্রতিদ্বন্দ্বীর তথ্য পেয়েছে গবেষক দল।

সিপিবি ছাড়া অন্য কোনো দলের গঠনতন্ত্রে একজন ব্যক্তি কতবার বা কত মেয়াদে দলীয় প্রধান থাকতে পারবেন, তা উল্লেখ নেই। গবেষণায় অন্তর্ভুক্ত ১০টি দলে পরিবারকেন্দ্রিকভাবে দলীয় প্রধানের দায়িত্ব গ্রহণের চর্চা রয়েছে। ১২টি দলের প্রধান ১০ বছর বা তার বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। তিনটি দলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কমিটি গঠনের প্রক্রিয়া গঠনতন্ত্রে উল্লেখ নেই। এ ছাড়া ১৬টি দলের কাউন্সিল সভা অনিয়মিত এবং এসব সভায় সাধারণত আগে থেকে নেওয়া সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

নির্বাচনী প্রার্থী মনোনয়নের ক্ষেত্রেও স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে। অধিকাংশ দলের গঠনতন্ত্রে প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতার শর্ত নির্দিষ্ট করা নেই। ছয়টি দলের গঠনতন্ত্রে জনপ্রিয়তা, সততা ও দলের প্রতি আনুগত্যের কথা উল্লেখ থাকলেও সেগুলোর সুস্পষ্ট ব্যাখ্যা নেই। প্রভাবশালী দলগুলোতে প্রার্থী মনোনয়নে অর্থ-প্রতিপত্তি ও ব্যবসায়ীদের অগ্রাধিকার দেওয়ার প্রবণতা রয়েছে। তিনটি প্রভাবশালী দলে মনোনয়ন বাণিজ্যের অভিযোগও পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজনৈতিক দলগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে গণতান্ত্রিক সম্ভাবনা থাকা সত্ত্বেও যা অর্জিত হয়নি, তার দায়ভারও দলগুলোকে নিতে হবে। দলগুলোর প্রাতিষ্ঠানিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি, গণতান্ত্রিক চর্চা, অংশগ্রহণ ও অন্তর্ভুক্তির ঘাটতির পাশাপাশি আইন ও বিধিবিধান না মানার প্রবণতা রয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন থেকে শুরু করে কার্যক্রম পরিচালনা ও নির্বাচনে অংশগ্রহণ পর্যন্ত সবকিছু অতিমাত্রায় অর্থনির্ভর। ফলে দলগুলো ব্যবসায়ী ও বিত্তশালীদের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। রাজনৈতিক অর্থায়নে ব্যক্তিনির্ভরতা ও অনানুষ্ঠানিকতার কারণে প্রভাবশালী দলগুলোতে ক্ষমতার অপব্যবহার, কালো টাকার প্রভাব, দুর্বৃত্তায়ন ও অন্তর্দ্বন্দ্ব বিকশিত হচ্ছে।

দলে নারীদের অংশগ্রহণ প্রসঙ্গে ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলের কার্যক্রমে নারীদের অন্তর্ভুক্তির বিষয়ে আইনি বাধ্যবাধকতা ও অঙ্গীকার থাকলেও বাস্তবে তেমন অগ্রগতি দেখা যায় না। নারী নেতাকর্মীদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে অনীহা কিংবা প্রতীকী উপস্থিতি লক্ষ করা যায়। অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা ও তৃণমূলের অংশগ্রহণের ঘাটতির কারণে দলগুলোতে একচ্ছত্র নেতৃত্ব, পরিবারতন্ত্র, কর্তৃত্বপরায়ণতা, অভিজাততন্ত্র ও পুরুষতান্ত্রিকতা ক্রমেই গভীর হচ্ছে।

টিআইবির প্রতিবেদনে রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সুশাসন নিশ্চিত করতে ১২টি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮ সংশোধন, রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় আনা এবং নির্বাচন কমিশনের মাধ্যমে দলগুলোর আর্থিক হিসাব যাচাই ও সাংগঠনিক কার্যক্রমের তদারকি বাড়ানো। এ ছাড়া নিবন্ধিত চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে দলগুলোর আর্থিক নিরীক্ষা, নিয়মিত কাউন্সিল আয়োজন, গোপন ভোটে নেতৃত্ব নির্বাচন এবং দলীয় প্রধানসহ নেতৃত্বের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের মেয়াদ নির্দিষ্ট করার সুপারিশ করা হয়েছে। নেতৃত্ব ও নির্বাচনী মনোনয়নে নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার কথাও বলেছে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে টিআইবির উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামানসহ সংশ্লিষ্ট গবেষকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা