স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। ছবি: ভিডিও থেকে
দেশের তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও সহিংসতার পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ।
তিনিন বলেছেন, শ্রমিকদের ব্যবহার করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে বিগত সরকারের সমর্থক একটি মহল। এ কর্মকাণ্ডে কিছু শিল্পমালিকও জড়িত রয়েছেন, যাদের কেউ কেউ বিগত সরকারের আমলে মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সংসদ সদস্য ছিলেন।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গত কয়েক দিন ধরে পতিত স্বৈরাচারী শক্তির সমর্থক কিছু পক্ষ নিরীহ শ্রমিকদের ব্যবহার করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সড়ক ও মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ এবং সহিংসতার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডে যারা ইন্ধন দিচ্ছেন, তাদের চিহ্নিত করা হয়েছে”।
তিনি বলেন, “দুঃখজনক হলো, কিছু শিল্পমালিকও এর সঙ্গে জড়িত আছেন। আবার কিছু ব্যক্তি শ্রমিক সংগঠনের ব্যানার ব্যবহার করে এমন কর্মকাণ্ড করছেন, যা কোনোভাবেই শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করে না”।
পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে যেসব শিল্পমালিকের ভূমিকা রয়েছে, তাদের চিহ্নিত করতে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের কাছে তালিকা চেয়েছে সরকার। বিশেষ করে উদ্দেশ্যমূলকভাবে কারখানা বন্ধ করা মালিকদের নাম দিতে বলা হয়েছে। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টিতে জড়িত ব্যক্তি ও সংগঠনগুলোর পরিচয়ও জানতে চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “কিছু শিল্পমালিকের রাজনৈতিক পরিচয় রয়েছে। তাদের কেউ সংসদ সদস্য, কেউ মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী ছিলেন”।
তাদের কেউ কেউ এসব ঘটনার পেছনে কাজ করছেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে। এসব তথ্যের প্রমাণও পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
সহিংসতার ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারের কাছে অডিও, ভিডিওসহ বিভিন্ন সহিংস ঘটনার সচিত্র প্রমাণ রয়েছে। শ্রমিক আন্দোলনের নামে যারা আইনশৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছেন, তাদের কঠোর হাতে দমন করা হবে।