শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় শূন্য পাস কিংবা আশঙ্কাজনকভাবে কম পাসের হার থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।
এসব প্রতিষ্ঠানের ফলাফল বিপর্যয়ের কারণ অনুসন্ধান এবং জবাবদিহি নিশ্চিত করতে আগামী সাত দিনের মধ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ নির্দেশনার কথা জানান শিক্ষামন্ত্রী।
তার এ নির্দেশনার পর শূন্য পাস ও কম পাসের হারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সরকারের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, চলতি বছর দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। গত বছর শূন্য পাসের এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
অন্যদিকে, এ বছর ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। ফলে একদিকে যেমন শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে, অন্যদিকে শতভাগ পাসের প্রতিষ্ঠানও রয়েছে উল্লেখযোগ্যসংখ্যক।
এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, শূন্য পাসের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ ও ফলাফল উন্নয়নে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে প্রয়োজনে কাছাকাছি অবস্থিত অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এসব প্রতিষ্ঠান একীভূত করার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।