× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন মাসে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: পরিবেশ প্রতিমন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ২০:৫৪ পিএম

সৌর প্যানেল। ফাইল ছবি

সৌর প্যানেল। ফাইল ছবি

আগামী তিন মাসের মধ্যে দেশে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার।

এর মধ্যে শুধু ঢাকা শহর থেকেই ২৯৬ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্ল্যাক কার্বন ও অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষকবিষয়ক উচ্চপর্যায়ের বিজ্ঞান-নীতি সংলাপের উদ্বোধনী অধিবেশনে রবিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় যৌথভাবে ক্লিন এয়ার ফান্ডের সহযোগিতায় এ সংলাপের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রাথমিক লক্ষ্যমাত্রা ১০ হাজার মেগাওয়াট। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানিতে রূপান্তর নিশ্চিত করতে পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানো হবে।

তিনি বলেন, বর্তমান সরকার পূর্ববর্তী সরকারের কাছ থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রসহ বিপুল পরিমাণ দূষণকারী জ্বালানি অবকাঠামো পেয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন প্রায় ১২ হাজার মেট্রিক টন কয়লা পোড়ানো হয়। এর ফলে বিপুল পরিমাণ ব্ল্যাক কার্বন নির্গত হচ্ছে।

ইটভাটার দূষণ প্রসঙ্গে শেখ ফরিদুল ইসলাম বলেন, দেশের মোট বায়ুদূষণের প্রায় ১৩ শতাংশের জন্য ইটভাটা দায়ী। এসব ইটভাটায় প্রায়ই উচ্চ সালফারযুক্ত কয়লা ব্যবহার করা হয়। বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকার সারা দেশে কাঠ পোড়ানো ২০০টি ইটভাটা বন্ধ করে সেখানে কংক্রিট ব্লক তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এতে ধোঁয়া নির্গমন বন্ধের মাধ্যমে বায়ুদূষণ কমানো সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদি আমিন বলেন, অতীতের বিভিন্ন নীতির কারণে দেশের জ্বালানি খাত বর্তমানে নাজুক অবস্থায় রয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার জ্বালানির উৎস বহুমুখী করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ ও বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্পে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে চায় সরকার। এ ক্ষেত্রে বৈদ্যুতিক যানবাহনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

বিএনপির পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মাহদি আমিন বলেন, দলটির অতীতের বিভিন্ন শাসনামলে খাল খনন, সিএনজিচালিত যানবাহন চালু, প্লাস্টিক ও পলিথিন নিষিদ্ধকরণ, পাটজাত পণ্যের ব্যবহার উৎসাহিত করা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। এসব উদ্যোগের ধারাবাহিকতা পুনরুজ্জীবিত করতে চায় বর্তমান সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, জীবাশ্ম জ্বালানি ও জৈববস্তুর অসম্পূর্ণ দহনের ফলে ব্ল্যাক কার্বন তৈরি হয়। এ কণা সৌর বিকিরণ শোষণ করে বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে। বাংলাদেশে ব্ল্যাক কার্বনের মাত্রা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও উন্নত ও অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় তা এখনো অনেক বেশি।

তিনি জানান, অতীতে দেশের বায়ুমণ্ডলে ব্ল্যাক কার্বনের মাত্রা প্রতি ঘনমিটারে প্রায় ৪০ মাইক্রোগ্রাম ছিল। বর্তমানে নিয়মিত পরিমাপে তা ৬ থেকে ১২ মাইক্রোগ্রামের মধ্যে পাওয়া যাচ্ছে। তবে উন্নত ও অন্যান্য উন্নয়নশীল দেশে এ মাত্রা ১ থেকে ২ দশমিক ৫ মাইক্রোগ্রাম। ফলে বাংলাদেশে ব্ল্যাক কার্বনের মাত্রা কমাতে আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস বলেন, বাংলাদেশের সঙ্গে সুইডেনের নতুন পাঁচ বছর মেয়াদি উন্নয়ন সহযোগিতা কৌশলে সবুজ রূপান্তর, জলবায়ু সহনশীলতা ও পরিবেশগতভাবে টেকসই প্রবৃদ্ধিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশগত স্থায়িত্বকে পরস্পরের পরিপূরক হিসেবে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন তিনি।

রাষ্ট্রদূত আরও বলেন, দুই দেশের মধ্যে যৌথ বৈজ্ঞানিক গবেষণা ও শক্তিশালী অংশীদারত্ব গড়ে তোলা গেলে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ধারণা ও সমাধান পাওয়া সম্ভব হবে। আগামী দিনে এ সহযোগিতা আরও গভীর করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অধ্যাপক ড. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং স্টকহোম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরজান গুস্তাফসন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা