ছবি: সংগৃহীত
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে উপকূলের জীবন-জীবিকা ও পরিবেশ-প্রকৃতি রক্ষায় সব রাজনৈতিক দলের একক সিদ্ধান্ত ও সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, প্রতিবছরের প্রাকৃতিক দুর্যোগ উপকূলের মানুষের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এই ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।
আজ রবিবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাইমেট অ্যাকশন ফোরাম আয়োজিত ‘কোস্টাল ক্লাইমেট ডায়ালগ’-এ বক্তারা এসব কথা বলেন। আগামী বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) উপকূলীয় জনগণের নীতিগত প্রস্তাবনা (উপকূল ঘোষণা) তুলে ধরার দাবিতে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের সংকট সীমাহীন। দেশের এই বিশাল অঞ্চলকে পেছনে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়। উপকূল রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষক মীর মোহাম্মদ আলী। তিনি উল্লেখ করেন, দেশের প্রায় ৩২ শতাংশ ভূখণ্ডজুড়ে বিস্তৃত উপকূলীয় অঞ্চলে প্রায় ৪ কোটি মানুষের বসবাস। লবণাক্ততা, নদীভাঙন ও সুপেয় পানির সংকট দ্রুত সমাধান করা না গেলে বহু মানুষ জীবিকা ও ভিটেমাটি হারিয়ে উদ্বাস্তু হবে। সংকট নিরসনে তিনি জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ রাখা, টেকসই বাঁধ নির্মাণ, সুপেয় পানির নিশ্চয়তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং সুন্দরবন সংরক্ষণে সমন্বিত পরিকল্পনার সুপারিশ করেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, উপকূলের সমস্যা সমাধানের পাশাপাশি জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছেন। বিএনপির ৩১দফা কর্মসূচি ও নির্বাচনি প্রতিশ্রুতিতে এ বিষয়ে স্পষ্ট অঙ্গীকার রয়েছে। সেই অঙ্গীকার বাস্তবায়নে নবায়ণযোগ্য জ্বালানির প্রসারে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য ক্ষেত্রেও কর্মসূচির বাস্তবায়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে পরিবেশের বিদ্যমান সকল সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উপকূলের সমস্যা নিরসনে একটি সংসদীয় ককাস গঠনের প্রস্তাব দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, দীর্ঘ লড়াই ও গণঅভ্যুত্থানের পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বর্তমান বিএনপির সরকারের কাছে জনগণের বিপুল প্রত্যাশা। সেই প্রত্যাশা পুরণে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। জনগণের মতামতের ভিত্তিতে প্রকল্প গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে সকল প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে উপকূলের ন্যায্যতা নিশ্চিত করতে হবে। সুন্দরবন রক্ষার কথা বলে বনের মধ্যে এলএনজি টার্মিনাল নির্মাণ সিদ্ধান্ত নিলে তা হবে স্ববিরোধী। উপকূলের স্বাস্থ্য সুরক্ষায় হাসপাতাল, নাকি উড়োজাহাজ কেনা জরুরি, সেটা সরকারের নীতি-নির্ধারকদের বিবেচনা করতে হবে।
উপকূল ও জলবায়ু পরিবর্তন ইস্যুতে সর্বদলীয় একক সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেন সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিপিআরডি) নির্বাহী প্রধান মো. শামসুদ্দোহা। তিনি বলেন, “শুধু জলবায়ু সম্মেলনের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আমাদেরও কিছু করণীয় আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলো এই সকল জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সবসময় বিরোধী অবস্থানে থাকেন। বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকে ন্যায্য হিস্যা আদায়ের পাশাপাশি আগামীতে রাজনৈতিক দলগুলোকে একটি একক অবস্থান নির্ধারণ করতে হবে।”
সভাপতির বক্তব্যে আমিনুর রসুল জলবায়ু সম্মেলনে উপকূলের দাবিগুলো তুলে ধরার পাশাপাশি উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকা সুরক্ষা নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।