প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বাসের ছবি ফেসবুকে পোস্ট করে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আবু বকর সিদ্দিক।
সাত দিনের রিমান্ড শেষে রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তিনি এ জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপপরিদর্শক (এসআই) ইয়াছিন পাইক তাকে আদালতে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জবানবন্দি রেকর্ড করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই ওয়াজেদ আলী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২১ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সময় ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম ‘THE BEAUTY OF RAJSHAHI’ নামের একটি ফেসবুক গ্রুপে প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসের ছবি দেখতে পায়। ছবিটি ‘Maisa Anjum’ নামের একটি আইডি থেকে পোস্ট করা হয়েছিল।
ওই পোস্টের মন্তব্যে ‘MD Abu Bokor Siddique’ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়, “ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল”।
মন্তব্যটি নজরে আসার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ। পরে ডিবি ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজশাহীর পবা থানার ঘোল হাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে আবু বকর সিদ্দিক ও তার বাবা মো. আয়নাল হককে আটক করে।
এ সময় সিদ্দিকের কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের ফেসবুক আইডি থেকে মন্তব্যটি করার কথা স্বীকার করেন তিনি।
তবে তার বাবা ঘটনার বিষয়ে কিছু জানেন না দাবি করলে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় ডিবির অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপপরিদর্শক মো. মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।