বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে।
সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে রবিবার এ মহড়া শুরু হয়।
সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ, জিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন ডেপুটি চিফ মিস তৃষিতা মওলা।
মহড়ায় মূলত বিষয়ভিত্তিক মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যসক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।
এর মধ্যে রয়েছে সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের অপারেশন ও রক্ষণাবেক্ষণ, এভিয়েশন সেফটি ও হ্যাজমেট (বিপজ্জনক পদার্থ) ঝুঁকি ব্যবস্থাপনা, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, এয়ারলিফট কার্গো হ্যান্ডলিং, এয়ার বেজ ডিফেন্স ও ফোর্স প্রটেকশন এবং ক্র্যাশ ফায়ার রেসকিউ বিষয়ে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়।
‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’-এ বাংলাদেশ বিমান বাহিনীর ১২০ জন সদস্য এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশ নিচ্ছেন।
এ মহড়ার মাধ্যমে দুই দেশের বিমান বাহিনীর মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত জ্ঞান ও সর্বোত্তম অনুশীলন বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।
পাশাপাশি সি-১৩০ বিমানের অপারেশন ও রক্ষণাবেক্ষণ কার্যপদ্ধতির মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোকপাত করা হবে।