জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে রবিবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংসদ সচিবালয়ের সৌজন্যে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
রবিবার স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩তম সম্মেলনে আইপিইউয়ের এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীকে সমর্থন করায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান স্পিকার।
বৈঠকে তারা উভয়েই দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধির সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়েও মতবিনিময় করা হয়।
স্পিকার এ সময় আসন্ন সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করার জন্য পাকিস্তানের হাইকমিশনারকে আমন্ত্রণ জানান। উল্লেখ্য, পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর সে দেশ সফর করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৈঠকে পাকিস্তান হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।