× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাহসিফ হত্যায় জড়িত বন্ধু দীপ! মিলেছে প্রমাণ, সেই তরুণীও গ্রেপ্তার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৫:২১ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২৬ ১৫:৪১ পিএম

ঘটনার রাতে উত্তরার একটি রেস্টুরেন্টে তাহসিফ, দীপ ও দিশাকে একসঙ্গে দেখা গেছে। ছবি: সংগৃহীত

ঘটনার রাতে উত্তরার একটি রেস্টুরেন্টে তাহসিফ, দীপ ও দিশাকে একসঙ্গে দেখা গেছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় নিয়েছে। ঘটনার দিন তাহসিফের সঙ্গে থাকা দিশা (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে নৌপুলিশ। তিনি তাহসিফের কথিত বান্ধবী বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনায় গ্রেপ্তার তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্ত কর্মকর্তারা। দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার বেলা ২টার দিকে দিশার গ্রেপ্তারের বিষয়টি এক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, দিশা নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।

এর আগে শনিবার রাতে অভিযান চালিয়ে দিশাকে গ্রেপ্তার করে টঙ্গী নৌপুলিশ। একই দিন দিবাগত মধ্যরাত থেকে চার দিনের রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

তদন্তে উঠে এসেছে, ঘটনার রাতে উত্তরার একটি রেস্টুরেন্টে তাহসিফ, দীপ ও দিশাকে একসঙ্গে দেখা গেছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে পৌঁছান তারা। প্রথমে একটি মোটরসাইকেলে তাহসিফ ও দিশাকে সেখানে আসতে দেখা যায়। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে হেলমেট পরা অবস্থায় পৌঁছান দীপ। পরে তিনজনকে একসঙ্গে রেস্টুরেন্টে প্রবেশ করতে দেখা যায়।

রেস্টুরেন্টের অন্য একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও দিশা লিফটের সামনে অপেক্ষা করছেন। কিছুক্ষণ পর সেখানে পৌঁছান দীপ। এরপর তিনজন একসঙ্গে লিফটে ওঠেন। প্রায় দেড় ঘণ্টা পর রাত ১১টা ৫১ মিনিটে তাদের রেস্টুরেন্ট থেকে বের হতে দেখা যায়। পরে মোটরসাইকেলে করে সেখান থেকে চলে যান তারা।

রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পর তিনজন কোথায় গিয়েছিলেন, তা জানার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা। তাদের পরবর্তী গতিবিধি এবং তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত চার দিনের রিমান্ড অনুমোদন করেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ দোহা সুমন।

নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, তাহসিফের মৃত্যুর ঘটনায় তার বন্ধু দীপের সম্পৃক্ততার প্রাথমিক তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তাঁকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ করা সম্ভব নয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ঘটনার দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গে ছিলেন দীপ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, তারা টঙ্গীর মাজার বস্তি এলাকায় গিয়েছিলেন। পরে সেখান থেকে দীপ একা ফিরে এলেও তাহসিফ আর ফেরেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপের বক্তব্যে অসংগতি পাওয়ায় তার প্রতি সন্দেহ আরও বাড়ে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে দীপকে আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর ওই মামলায় দীপকে গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে, তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। গত শুক্রবার (৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়। পরে সেটি তাহসিফের বলে শনাক্ত করা হয়।

পিবিআই জানিয়েছে, মামলাটির তদন্ত করছে নৌপুলিশ। তবে গুরুত্বপূর্ণ এ ঘটনায় সংস্থাটি ছায়া তদন্ত পরিচালনার পাশাপাশি নৌপুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করছে। ছায়া তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত পরবর্তী সময়ে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা