প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১২:৩৬ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৬ ১৩:৫৩ পিএম
শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: ভিডিও থেকে
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে রবিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন।
অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে। আইনের ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদন করবে এ বোর্ড।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন।
শ্রমিকদের কাজে ফেরার আহ্বান
এদিকে ‘দাবি’ পূরণ হওয়ায় পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সচিবালয়ে মজুরি বোর্ড গঠনের ঘোষণার পর তিনি এই আহ্বান জানান।
শ্রমমন্ত্রী বলেন, “শ্রমিকদের মূল দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা, যা আজ পূরণ হয়েছে। তাদের প্রতিনিধি নিয়ে গঠিত এই বোর্ড ঘোষণার পর আশা করি শ্রমিকেরা রাস্তা ছেড়ে দিয়ে নিজ নিজ কলকারখানায় কাজে যোগ দেবেন”।
এ ছাড়া বোর্ডের সব সদস্যকে দ্রুততম সময়ে আলোচনা শুরু করার আহ্বান জানান তিনি।
আন্দোলনের নেপথ্যের পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী অভিযোগ করেন, “কিছু রাজনৈতিক সংগঠন পরিকল্পিতভাবে শিল্প খাতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাইছে। গতকাল বিভিন্ন কারখানায় বহিরাগতরা ঢিল ছুড়েছে এবং আজকেও শ্রমিকদের পরিকল্পিতভাবে ছুটি দিয়ে রাস্তায় নামানো হয়েছে”।
আন্দোলনে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী জোর দিয়ে বলেন, “ঘটনাটি স্পষ্ট। আন্দোলনের আড়ালে একটি নিষিদ্ধ ছাত্র সংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রমিক সেজে অংশ নিয়েছেন, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। আন্দোলনের পেছনে থেকে আরেকটি পক্ষ নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে”।
তবে জনগণ ও গণমাধ্যম সজাগ থাকলে তাদের এই অসৎ উদ্দেশ্য সফল হবে না বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, আজকের ঘটনা যদি পর্যালোচনা করেন, তাহলে আপনারাই ভালো বিশ্লেষণ করতে পারবেন। আমার মনে হয়, জনগণ এবং আপনারা সবাই সজাগ থাকলে তারা সেই উদ্দেশ্য হাসিল করতে পারবে না।