প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২১:৩১ পিএম
লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ‘ইয়ুথ ক্লাইমেট কোয়েশ্চেন কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ ও ন্যায্য অধিকার আদায়ে বিশ্ব দরবারে তরুণদের কণ্ঠ সোচ্চার করার আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ ও বিশিষ্টজনেরা।
তারা বলেছেন, উন্নত বিশ্বের ভোগবাদী জীবনযাপন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের কারণে জলবায়ু সংকট তৈরি হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল ও প্রান্তিক দেশগুলো এর সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে।
শনিবার রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পরিবেশ বার্তা আয়োজিত ‘ইয়ুথ ক্লাইমেট কোয়েশ্চেন কনফারেন্স-২০২৬’ এ বক্তারা এসব কথা বলেন।
জাতীয় সংগীত পরিবেশন ও দেশি জাতের বীজ বিতরণের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আকমল হোসেন। উদ্বোধন করেন নারী নেত্রী ও লেখক কাজী সুফিয়া আখতার।
উদ্বোধনী বক্তব্যে কাজী সুফিয়া আখতার বলেন, জলবায়ু সংকটের জন্য দায়ী দেশগুলোর কাছে প্রশ্ন উত্থাপন ও ন্যায্য দাবি আদায়ে তরুণদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখতে হবে।
কৃষি সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব রেজাউল করিম সিদ্দিক বলেন, তরুণদের আরও বেশি প্রশ্ন করতে শিখতে হবে এবং নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দেশব্যাপী তরুণদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। ইউনেস্কো চেয়ার ও সেন্টার ফর সাসটেইনেবিলিটি অ্যান্ড ক্লাইমেটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নুরুন্নবী জলবায়ু সংকট মোকাবিলায় তরুণদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
পরিবেশ বার্তার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অ্যাডভোকেট হাসান তারেক চৌধুরী সোহেল, শাহ ইসরাত আজমেরী, মোহাম্মদ মনিরুজ্জামান, ব্রাত্য আমীন, তানইয়া নাহার, তানজিল আবেদিন, মো. জাহাঙ্গীর আলম ও নিকিতা নন্দিনী। পরে আদিবাসী ও বাঙালি শিক্ষার্থীদের অংশগ্রহণে দুটি প্রীতি ফুটবল ম্যাচ, জলবায়ুবিষয়ক ধারণাপত্র উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি মানিকগঞ্জ থেকে আসা বাউলশিল্পীরা গান পরিবেশন করেন।
আয়োজকেরা জানান, জলবায়ু সংকটের জন্য কারা দায়ী এবং তা মোকাবিলায় বাংলাদেশের তরুণদের ভূমিকা কী হতে পারে, তা সামনে আনতেই এ সম্মেলনের আয়োজন। এর ধারাবাহিকতায় ২০২৭ সালে জাতীয় পর্যায়ে ‘ন্যাশনাল ইয়ুথ ক্লাইমেট কোয়েশ্চেন কনফারেন্স-২০২৭’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।