বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে অননুমোদিত গুগল ফর্মের মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ধরনের ফরমের সঙ্গে বিমানের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে শনিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিমানের নামে একটি অননুমোদিত গুগল ফর্মের মাধ্যমে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। তবে প্রচারিত ওই ফরম বা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্টতা নেই। কর্তৃপক্ষ এ ধরনের কোনো ফরম চালু বা অনুমোদন করেনি।
এতে আরও বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। পাশাপাশি নিয়োগের আবেদন গ্রহণ ও ব্যবস্থাপনায় টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা ব্যবহার করা হয়। নিয়োগসংক্রান্ত তথ্য ও বিজ্ঞপ্তি বিমানের অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
এ অবস্থায় বিমানের নামে প্রচারিত অননুমোদিত গুগল ফর্ম বা অপরিচিত কোনো লিংকে ব্যক্তিগত তথ্য দেওয়া কিংবা আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
একই সঙ্গে নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্য জাতীয় দৈনিক পত্রিকা, বিমানের অনুমোদিত ওয়েবসাইট ও নির্ধারিত টেলিটক নিয়োগ পোর্টালের মাধ্যমে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।