শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিশ্ববিদ্যালয় ও কলেজ মিলিয়ে দেশে পর্যাপ্ত আসন থাকায় এবার পাস করা সব শিক্ষার্থীর উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ রয়েছে বলে জানান তিনি।
শনিবার সচিবালয়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী জানান, দেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে মোট আসন রয়েছে প্রায় ১৩ লাখ ৪০ হাজার। অন্যদিকে, এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফলে উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে আসনসংকটের আশঙ্কা নেই।
তবে কোন বিশ্ববিদ্যালয়ে কী যোগ্যতা ও মানদণ্ডে শিক্ষার্থী ভর্তি করা হবে, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই নির্ধারণ করবে বলে জানান তিনি।
অর্থাৎ উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ থাকলেও পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।