শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে এক মাসের মধ্যে পুনঃপরীক্ষা আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য সর্বোচ্চ এক মাস সময় দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী জানান, অকৃতকার্য শিক্ষার্থীদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় দেওয়া হবে। তবে কোনোভাবেই এক মাসের বেশি সময় দেওয়া হবে না। দ্রুত পুনঃপরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন। অর্থাৎ এক বা দুই বিষয়ে অকৃতকার্য মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থী এ সুযোগের আওতায় আসতে পারেন।
এদিকে, ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। গত বছর পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ।
বোর্ডভিত্তিক ফলে ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ১৬ হাজার ৭১৪ জন জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে এ সংখ্যা ৮৮৬। এছাড়া দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।