বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি শুক্রবার উদ্ধার করা হয়। তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে মাত্র ৫০ গজ দূরে পাওয়া গেছে এটি।
পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তাহসিফের মরদেহ যেখান থেকে উদ্ধার করা হয়েছিল, তার ঠিক ৫০ গজ দূর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
তবে মোটরসাইকেলটির মালিকানা সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পিবিআই। সংস্থাটির সদর দপ্তরের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, মোটরসাইকেলটি কার, তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় তদন্তের স্বার্থে নৌপুলিশকে সহায়তা করছে পিবিআই।
এদিকে, তাহসিফকে বাসা থেকে ডেকে নেওয়া বন্ধুস্থানীয় আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার রাতে হেফাজতে নেয় পিবিআই ঢাকা মেট্রো উত্তর। তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, দীপের ভাষ্য অনুযায়ী, তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ সেখান থেকে পালিয়ে আসেন। তবে দীপের এই বক্তব্যসহ জিজ্ঞাসাবাদে পাওয়া অন্যান্য তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
পিবিআই প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোস্তফা কামাল শুক্রবার সকালে গণমাধ্যমকে বলেন, দীপকে হেফাজতে নেওয়ার পর বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে এখনই সেগুলো প্রকাশ করতে চাননি তিনি।
এর আগে ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে টঙ্গী নদী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে মরদেহটি তাহসিফ সৌরির বলে শনাক্ত করা হয়।
বৃহস্পতিবার শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। একই দিন বিকাল ৪টা ৩৫ মিনিটে উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।