বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড় নিয়েছে। নিখোঁজ হওয়ার আগে দীর্ঘ সময় তাহসিফের সঙ্গে কাটানো বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি বাসা থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও পিবিআই-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তাহসিফ ও দীপের একসঙ্গে চলাফেরা এবং দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে তাকে পিবিআইয়ের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে নেওয়া হয়েছে।
নিখোঁজের আগে সাড়ে পাঁচ ঘণ্টা একসঙ্গে
পারিবারিক সূত্র ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরার ১৮ নম্বর সেক্টরে রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের একটি গ্যারেজে তাহসিফ ও দীপকে একসঙ্গে দেখা যায়।
সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দীপকে মোটরসাইকেল নিয়ে গ্যারেজে আসতে এবং ৬টা ৩১ মিনিটে দুজনকে আলাদা মোটরসাইকেলে বেরিয়ে যেতে দেখা যায়। পরিবারের সদস্যরা ফুটেজে থাকা ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেন।
পরিবারের দাবি, দীপের ডাকে সাড়া দিয়েই বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ। তবে দীপের ভাষ্য, তাহসিফের মোটরসাইকেলে সমস্যা হওয়ায় তারা ওয়ার্কশপে যান। পরে একসঙ্গে রাতের খাবার খেয়ে আলাদা হয়ে যান।
তার দাবি, রাত সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যেও তারা একসঙ্গে ছিলেন এবং তখন তাহসিফকে স্বাভাবিক ও হাসিখুশি দেখাচ্ছিল।
তুরাগ নদে মিলে মরদেহ
এরপর ২৮ অক্টোবর বিকেলে রাজধানীর উত্তরখান থানাধীন তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। মরদেহের পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা। হাতে হাতঘড়ি এবং পকেটে আইফোন পাওয়া যায়।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নৌ-পুলিশের প্রাথমিক বক্তব্য অনুযায়ী, শরীরে বাইরে থেকে দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
অন্যদিকে, নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেছে এবং তদন্ত চলছে। ফলাফল অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।