সৌরভ হোসেন
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬ ১০:১৯ এএম
ফাইল ছবি।
জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার প্রভাব পড়তে শুরু করছে দেশের কৃষি খাতে। পৃথিবীজুড়ে এল নিনোর তীব্রতায় শীতের আগমন দেরিতে হচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে নির্দিষ্ট সময়ে শীত পড়াও ব্যাহত হচ্ছে। এতে শীতকালীন ফসল উৎপাদনে নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।
বিশেষ করে, রবি মৌসুমে তাপমাত্রা বেশি থাকলে রবি ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি সেচের চাহিদা ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে কৃষকদের প্রচলিত চাষাবাদ পদ্ধতির পরিবর্তে কম খরচে ফসলের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি লাভজনক বিকল্প ফসলের দিকে নজর দিতে হবে।
প্রকৃতিতে হেমন্তের আগমনী বার্তার কারণে প্রতিবছর অক্টোবরের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে ভোর ও রাতে হালকা শীতের আমেজ আর অনুভূতি দেখা দেয়। কিন্তু এবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি। এ সময় ভ্যাঁপসা গরমের ফলে শীতকালীন সবজি ও আলুর আবাদ এবং রবি মৌসুমের ফসলের স্বাভাবিক বৃদ্ধি নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, দেশের অধিকাংশ এলাকায় শীতের অনুভূতি স্পষ্ট হতে আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়তে পারে। তবে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকার সম্ভাবনাও রয়েছে। এবার শীতের আগমন ধীর হতে পারে, অক্টোবরেই শীতের উপস্থিতি জোরালো হবেÑ এমন কোনো নিশ্চয়তা নেই।
শীতের আগমনে বিলম্ব ও তাপমাত্রা বেশি থাকার বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ ড. বজলুর রাসিদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘অক্টোবরের শেষ সপ্তাহেও বাংলাদেশে স্বাভাবিক শীতের দেখা মিলছে না। বরং দিনের তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। এল নিনোর প্রভাব, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পরিস্থিতি এবং বাতাসের গতিপ্রকৃতির পরিবর্তন এর অন্যতম কারণ। সাধারণত এ সময়ে উত্তর দিক থেকে শীতল বাতাস প্রবাহিত হওয়ার কথা। কিন্তু বর্তমানে পূর্ব দিক থেকে আসা আর্দ্র বাতাসের কারণে গরমের অনুভূতি বাড়ছে। ফলে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকছে। দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে চার থেকে পাঁচ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বেশি রয়েছে।’
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন মাসেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কিংবা বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা সাময়িকভাবে কমার সম্ভাবনা রয়েছে। তারপরও এবার শীতের আগমন বিলম্বিত হতে পারে। অন্যদিকে, শীতকালে বৃষ্টিপাত কম হলে বায়ুদূষণ বাড়ার আশঙ্কা রয়েছে। বাতাসে দূষণকণা ও কুয়াশার সম্মিলিত প্রভাবে সূর্যের আলো বাধাগ্রস্ত হলে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। ফলে রাতের তাপমাত্রা খুব বেশি না কমলেও দিনের বেলায় তীব্র শীত অনুভূত হতে পারে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে রবি মৌসুমের চাষাবাদের চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পরিচালক ড. সালমা লাইজু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘বাংলাদেশের জলবায়ু দিন দিন পালটাচ্ছে, যা রবি মৌসুমের ফসল উৎপাদনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। শীতকালে তাপমাত্রা বেশি থাকলে ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি সেচের চাহিদা ও উৎপাদন খরচ বেড়ে যেতে পারে। এ পরিস্থিতিতে কৃষকদের প্রচলিত চাষাবাদ পদ্ধতির পাশাপাশি জলবায়ু সহনশীল ও সাশ্রয়ী কৌশল নিতে হবে। শীতকালীন সবজি চাষে অতিরিক্ত তাপ ও প্রখর রোদ থেকে গাছকে রক্ষা করতে বাঁশ বা গাছের ডাল দিয়ে অস্থায়ী ছাউনি তৈরি করা যেতে পারে। এ ক্ষেত্রে খড়, ছন বা কলাপাতা ব্যবহার করে গাছের জন্য ছায়ার ব্যবস্থা করতে হবে। তবে ছাউনিতে পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের সুযোগ রাখতে হবে, পলিথিন ব্যবহারও করা যাবে না। কারণ তাতে ভেতরের তাপমাত্রা বেড়ে যেতে পারে।’
ড. সালমা লাইজু বলেন, ‘সেচের খরচ কমাতে জমিতে খড়কুটো, ফসলের অবশিষ্টাংশ কিংবা সহজলভ্য জৈব উপকরণ দিয়ে মালচিং করা যেতে পারে। এতে মাটির আর্দ্রতা ধরে রাখা সহজ হবে। সেচ দেওয়ার প্রয়োজনও কমবে। পানির সংকট রয়েছে এমন এলাকায় উৎপাদন খরচ ও সম্ভাব্য লাভ বিবেচনা করে ডাল, তেলবীজ ও মসলাজাতীয় ফসলের আবাদ বাড়ানো যেতে পারে। মিষ্টিআলুর মতো বিকল্প ফসল চাষেও গুরুত্ব দেওয়া প্রয়োজন। ফসল নির্বাচনের আগে মাটির ধরন, পানির প্রাপ্যতা, আবহাওয়া ও বাজারদর বিবেচনা করতে হবে। আধুনিক কৃষি পরামর্শ ও স্থানীয় বাস্তবতার সমন্বয়ে পরিকল্পিত চাষাবাদ নিশ্চিত করা গেলে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কৃষকের উৎপাদনশীলতা ও আয় ধরে রাখা সম্ভব হবে।’