× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬৪ জেলায় খাদ্য পরীক্ষাগার স্থাপনে জাইকার সহযোগিতা চাইলেন উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ ১৭:৫৬ পিএম

লোগো: সংগৃহীত

লোগো: সংগৃহীত

দেশের ৬৪ জেলায় খাদ্যের মান পরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষাগার স্থাপনে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) কারিগরি সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে বৃহস্পতিবার জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকোর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে  তিনি এ সহযোগিতা চান।

সাক্ষাতে খাদ্যে ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য নিশ্চিত করা, খাদ্যবাহিত রোগ মোকাবিলা এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় জাইকার প্রতিনিধিদলের সদস্য কোয়ামা আতসুশি খাদ্য নিরাপত্তা প্রশাসন শক্তিশালী করতে সংস্থাটির বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশব্যাপী নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং নকল ও ভেজাল খাদ্যপণ্যের উৎপাদন, সরবরাহ ও বিপণন বন্ধে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, এসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত জনবল নিয়োগ, মাঠপর্যায়ে তদারকি জোরদার এবং খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি ভোক্তাদের সচেতনতা বাড়াতেও সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের খাদ্যপণ্যের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

অন্যদিকে জাইকা বাংলাদেশ কার্যালয়ের প্রধান প্রতিনিধি তাকাহাশি জুনকো বাংলাদেশের খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত বিদ্যমান আইন ও বিধিমালা সুবিন্যস্ত করার সুপারিশ করেন। তিনি বলেন, খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সমন্বিত আইনি কাঠামো গড়ে তোলা এবং সব খাদ্য ব্যবসায়ীর জন্য একক লাইসেন্সিং ব্যবস্থা চালু করা প্রয়োজন।

তাকাহাশি জুনকো জানান, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে আন্তর্জাতিক মানের তিনটি পরীক্ষাগার স্থাপন করছে জাইকা।

তিনি আরও বলেন, কার্যকর খাদ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষায়িত কারিগরি দক্ষতা, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বীকৃত পরীক্ষাগার এবং দেশব্যাপী খাদ্যের নমুনা সংগ্রহ ও পরিদর্শনব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এ জন্য বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

খাদ্য ব্যবসায়ীদের কার্যক্রম বিজ্ঞানভিত্তিক ও ঝুঁকিনির্ভর পদ্ধতিতে তদারকি, প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা প্রদান এবং নিয়মিত খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষা নিশ্চিত করতে জেলা পর্যায়ে খাদ্য নিরাপত্তা পরিদর্শকের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেন জাইকার প্রধান প্রতিনিধি। পাশাপাশি পরিদর্শকদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার আগ্রহও প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে জাইকা বাংলাদেশ কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা