দক্ষ জনশক্তি তৈরি ও বৈধ বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহযোগী প্রতিষ্ঠান প্রান্তিক শক্তি লিমিটেডকে রিক্রুটিং লাইসেন্স দিয়েছে সরকার।
একই সঙ্গে গাজীপুরের সফিপুরে নবনির্মিত প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র (পিএসটিসি), প্রান্তিক ট্রাভেলস ও ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।
এসব উদ্যোগের মাধ্যমে বাহিনীর সদস্যদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা এবং নিরাপদ বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রত্যাশা করা হচ্ছে।
গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি অ্যাকাডেমিতে বুধবার আয়োজিত অনুষ্ঠানে প্রান্তিক শক্তি লিমিটেডের কাছে আনুষ্ঠানিকভাবে রিক্রুটিং লাইসেন্স হস্তান্তর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
অনুষ্ঠানে মন্ত্রী নবনির্মিত প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করেন। পরে তিনি কেন্দ্রের ৬জি ওয়েল্ডিং কর্মশালা, আধুনিক ড্রাইভিং সিমুলেটর, সৌরবিদ্যুৎ প্রশিক্ষণ কার্যক্রম, ভ্রাম্যমাণ আইসিটি প্রশিক্ষণ বাস, কুটির শিল্প প্রশিক্ষণ কেন্দ্র, জাপানি ভাষা প্রশিক্ষণ কেন্দ্র ও ল্যাঙ্গুয়েজ ল্যাব পরিদর্শন করেন।
এ ছাড়া আতিথেয়তা ও রন্ধনশিল্প এবং নির্মাণ ও অন্যান্য কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের সুযোগ-সুবিধা ঘুরে দেখেন তিনি।
দুপুরে অ্যাকাডেমির অডিটোরিয়ামে আয়োজিত মূল অনুষ্ঠানে ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লিকের মাধ্যমে প্রান্তিক ট্রাভেলস ও স্মার্ট ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেমের উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় আভি ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে সমঝোতা চুক্তির অংশীদার তিনটি জাপানি প্রতিষ্ঠানের প্রধানেরা ভার্চুয়ালি যুক্ত হয়ে বাহিনীর সদস্যদের দক্ষতা ও দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
স্বাগত বক্তব্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, বাহিনীর ৬০ লাখ সদস্যের জীবনমান উন্নয়নে বৈদেশিক কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
সরকারের ১৮০ দিনের কর্মসূচির আওতায় প্রশিক্ষণ সক্ষমতা আধুনিক করা হয়েছে। জাপানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে সৃষ্ট প্রায় দুই লাখ কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে আনসার-ভিডিপির প্রশিক্ষিত জনবল প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে আস্থা অর্জনে দক্ষতা ও কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি।
এ লক্ষ্যে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সঙ্গে আনসার-ভিডিপির তৃণমূল পর্যায়ের নেটওয়ার্ক সমন্বিতভাবে কাজ করতে পারে।
নবউদ্বোধিত ডিজিটাল ডেটাবেজ বিএমইটির সঙ্গে যুক্ত হয়ে স্বচ্ছতা নিশ্চিত করবে। পাশাপাশি নিজস্ব গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা (সিআরএম) প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে কর্মরত সদস্যদের সেবা ও নিরাপত্তা সহায়তা দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ শ্রমিক বিদেশে পাঠানোর বৃহৎ পরিকল্পনা বাস্তবায়নে আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ অংশীদার হবে।
রিক্রুটিং লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে বাহিনীর কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক, গতিশীল ও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্ত্রী আরও বলেন, আনসার-ভিডিপির প্রশিক্ষণ প্রকল্পগুলো টিটিসির সঙ্গে সমন্বিতভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশের শ্রমিকদের দক্ষতা প্রমাণ করা সম্ভব হবে।
এ ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণের ওপরও গুরুত্ব দেন তিনি।
সংশ্লিষ্টরা জানান, কারিগরি, প্রযুক্তিগত ও ভাষাগত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তোলা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
পাশাপাশি দালালচক্রের শোষণ রোধ এবং বিশ্ব শ্রমবাজারে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতেও উদ্যোগটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সহজ শর্তের ‘প্রবাসী লোন’, প্রান্তিক ট্রাভেলস ও ডিজিটাল ফেসিয়াল অ্যাটেনডেন্স সিস্টেম বিদেশগমনের ব্যয় ও প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ঝুঁকি কমাতে সহায়ক হবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।
অনুষ্ঠানে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, অ্যাকাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।