আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলনকক্ষে আয়োজিত ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি: মন্ত্রণালয়
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সমন্বিত সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।
তিনি বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা কেবল কোনো একটি সংস্থার কাজ নয়; বরং সবার সম্মিলিত সামাজিক প্রচেষ্টার মাধ্যমেই এই মারাত্মক সমস্যা প্রতিহত করা সম্ভব।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলনকক্ষে আয়োজিত ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। চট্টগ্রাম জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), চট্টগ্রাম যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবসের তাৎপর্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের সড়কে প্রতিদিনই বহু মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে এবং অপূরণীয় জানমালের ক্ষতি হচ্ছে। এই মানবিক ও সামাজিক বিপর্যয় থেকে মুক্তি পেতে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিকারের উপায় বের করতে হবে।
মহাসড়কে (হাইওয়েতে) যেখানে-সেখানে যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করাকে গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এ ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের ফিটনেস সনদের ক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম বা অন্যায্য তদবির সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, একমাত্র বিআরটিএ কর্তৃক বৈধভাবে সার্টিফাইড ড্রাইভিং লাইসেন্সই দেশের সড়কে যানবাহন চালানোর জন্য গ্রহণযোগ্য হবে।
রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও ‘চাঁদের গাড়ি’ ব্যবহার করে অপরাধীরা বিভিন্ন অসামাজিক ও সহিংস কার্যক্রম চালাচ্ছে উল্লেখ করে এ বিষয়ে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন। কোনো অপরাধী চক্র যেন সিএনজি অটোরিকশাকে অপরাধের বাহন হিসেবে ব্যবহারের সুযোগ না পায়, সে জন্য চালক ও মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এর আগে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ীস্থ আউটার স্টেডিয়াম চত্বরে আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন এবং র্যালিতে অংশ নেন প্রতিমন্ত্রী।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ চট্টগ্রামের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল হালিম এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।