গ্রাফিক্স: সংগৃহীত
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিক্যাল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। এর আগে কোনো মেডিক্যাল পরীক্ষা করা বা করানো যাবে না। এ ছাড়া অনুমোদিত মেডিক্যাল সেন্টার ছাড়া অন্য কোথাও পরীক্ষা করানো যাবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদিত মেডিক্যাল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তালিকাভুক্ত মেডিক্যাল সেন্টারগুলোর বিষয়ে খোঁজখবর রাখতে কর্মীদের অনুরোধ করা হয়েছে। কোনো মেডিক্যাল সেন্টার সরকারি নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে।
৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিক্যাল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং এসব পরীক্ষার ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের প্রক্রিয়া সম্পন্ন করা হবে না।
মন্ত্রণালয় জানায়, সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিক্যাল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের মেডিক্যাল পরীক্ষা করাতে পারবে না। কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমোদন ছাড়াই মেডিক্যাল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ ধরনের প্রস্তাবে সাড়া না দিতে এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দিতে কর্মীদের সতর্ক করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটির ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিক্যাল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।
নির্দেশনা অমান্যকারী মেডিক্যাল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মেডিক্যাল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে।
অবৈধ বা অনুমোদনহীন মেডিক্যাল পরীক্ষা কিংবা এ ধরনের কার্যক্রমের তথ্য প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর জন্য কর্মীদের অনুরোধ করা হয়েছে। এ-সংক্রান্ত তথ্য ঘটনার তারিখ, স্থান ও সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে [email protected] ঠিকানায় ইমেইল করা যাবে।
কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিক্যাল সেন্টারগুলোকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
জনস্বার্থে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।