স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি
‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সরকার ক্রসফায়ার চায় না; এ বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। আইজিপিকে ‘সহজসরল মানুষ’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের কঠোর প্রয়োগের কথা বলতে গিয়ে তিনি অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা সরকার কোনোভাবেই সহ্য করবে না। আইজিপির বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “উনি সহজসরল মানুষ। আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে অসতর্কতাবশত বলে ফেলেছেন। এটা ঠিক হয়নি, উচিত হয়নি।”
স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, সরকার ক্রসফায়ারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও কাস্টডিয়াল ডেথ (পুলিশ হেফাজতে মৃত্যু) সরকার সহ্য করবে না।
তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের প্রধান লক্ষ্য। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নও সরকারের প্রধান অগ্রাধিকার। এ পর্যন্ত ক্রসফায়ারে মৃত্যু এবং হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
এর আগে, সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে আইজিপি আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে।
তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।
আইজিপির ওই বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ জানায়। পরে মঙ্গলবার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে তার বক্তব্যকে ‘সময়োপযোগী আহ্বান’ হিসেবে উল্লেখ করে। সংগঠনটি বলেছে, প্রচলিত আইন ও বিধিবিধানের আলোকে আইজিপির বক্তব্য বিবেচনা করা প্রয়োজন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, ক্রসফায়ারের ক্ষেত্রে সরকারের অবস্থান জিরো টলারেন্স এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকার কঠোর।
এদিকে, ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধনকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে আইজিপির এ ধরনের বক্তব্য ভাবিয়ে তুলেছে এবং সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।
দেশে অপরাধ দমনের জন্য পর্যাপ্ত আইন রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, আইনবহির্ভূত পদ্ধতি অনুসরণ না করে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বেআইনি পদ্ধতিতে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফর শেষে দেশে ফিরলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জানান সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
সোমবার আইজিপির বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়।
একইসঙ্গে ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি আলী হোসেন ফকিরের বক্তব্যকে ‘সময়োপযোগী আহ্বান’ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলেছে, প্রচলিত আইন ও বিধিবিধানের আলোকে আইজিপির বক্তব্য বিবেচনা করা প্রয়োজন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সংগঠনটির সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়।