প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৯:২৮ পিএম
বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা জোরদার করার সুযোগ নিয়ে স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের (কামারা দে সেভিয়া) সভাপতি ডি. ফ্রান্সিসকো হেরেরো লিওনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: মন্ত্রণালয়
বাংলাদেশ ও স্পেনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা জোরদার করার সুযোগ নিয়ে স্পেনের সেভিল চেম্বার অব কমার্সের (কামারা দে সেভিয়া) সভাপতি ডি. ফ্রান্সিসকো হেরেরো লিওনের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্যের বহুমুখীকরণ, বাংলাদেশে স্পেনের বিনিয়োগ বৃদ্ধি এবং টেক্সটাইল ও তৈরি পোশাক, ওষুধ (ফার্মাসিউটিক্যালস), চামড়া, তথ্যপ্রযুক্তি, কৃষি ও নবায়নযোগ্য জ্বালানিসহ সম্ভাবনাময় খাতগুলোতে পারস্পরিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাটজাত পণ্যের প্রসার এবং সৃজনশীল অর্থনীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিকাশে যৌথ সহযোগিতার সম্ভাবনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
বাংলাদেশ ও স্পেনের ব্যবসায়ী সম্প্রদায়কে আমন্ত্রণ জানিয়ে সেভিলে বছরে অন্তত একবার বাংলাদেশকেন্দ্রিক সেমিনার আয়োজন এবং পরবর্তীতে যৌথ উদ্যোগে বাংলাদেশ নিয়ে একটি প্রদর্শনী (এক্সপোজিশন) করার আগ্রহ প্রকাশ করেছেন সেভিল চেম্বার অব কমার্সের সভাপতি। উভয় পক্ষই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে নিয়মিত সংলাপ ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক প্রতিনিধিদল বিনিময় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ (ডিসিসিআই) বাংলাদেশের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠনগুলোর সঙ্গে সেভিল চেম্বারের প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও সুদৃঢ় করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলোর আধুনিকায়ন, শিল্প খাতের উপযোগী দক্ষতা উন্নয়ন, তথ্য বিনিময় এবং সেভিল চেম্বার অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির বিষয়গুলোও আলোচনায় স্থান পায়।
উভয় পক্ষ বাংলাদেশ ও স্পেনের মধ্যে শক্তিশালী ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনে তাদের অভিন্ন আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছে।