ঢাকার সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে মঙ্গলবার আয়োজিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ৯৬তম এবং তৈরি পোশাক খাতবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের ২৫তম সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নিম্নতম মজুরি বোর্ড গঠনের লক্ষ্যে মালিকপক্ষের প্রতিনিধিদের তালিকা পাওয়া গেছে। শ্রমিকপক্ষের প্রতিনিধিদের তালিকা পেলেই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠনের গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
ঢাকার সিরডাপ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মঙ্গলবার আয়োজিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৬তম এবং তৈরি পোশাক খাতবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ২৫তম সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার উপস্থিত ছিলেন।
চলমান শ্রম অসন্তোষ ও আন্দোলন প্রসঙ্গে শ্রমমন্ত্রী বলেন, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা মজুরি পরিশোধ করতে মালিকপক্ষকে আহ্বান জানানো হচ্ছে।
একই সঙ্গে আন্দোলনরত শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনের নামে সড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি করা যাবে না। কোনো সমস্যা থাকলে কারখানার ভেতরে মালিক ও শ্রমিকপক্ষের আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে বা অন্য কোনো অশুভ উদ্দেশ্যে কেউ চেষ্টা চালালে তা সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের কেউই মেনে নেবে না।
তিনি বলেন, প্রকৃত শ্রমিক নেতৃত্বের বাইরে থেকে যারা উসকানি দিচ্ছেন এবং অপ্রাসঙ্গিক বিষয়কে ইস্যু বানাচ্ছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে।
শিল্প খাতে তৃতীয় পক্ষের মাধ্যমে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি বরদাশত করা হবে না বলেও সতর্ক করেন তিনি।
সভায় শ্রমিক নেতা নাজমা আক্তার গাজীপুরসহ বিভিন্ন শিল্প এলাকায় সাম্প্রতিক শ্রম অসন্তোষের চিত্র তুলে ধরেন।
তিনি বলেন, বকেয়া মজুরি দ্রুত পরিশোধে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিরা যৌথভাবে কাজ করছেন। শিল্প পুলিশ ও প্রশাসনের সহায়তায় সমস্যা সমাধানের চেষ্টা চলছে। চলতি মাসের মধ্যেই মজুরি বোর্ড গঠনের প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া শ্রমিকদের মজুরি বৃদ্ধি, বাড়িভাড়া নিয়ন্ত্রণ, নিত্যপণ্যের দাম কমানো এবং গ্যাস-জ্বালানি সংকট সমাধানে সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানান নাজমা আক্তার।
শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন বলেন, মজুরি বোর্ড গঠনের বিষয়ে টিসিসি সভায় নীতিগত সিদ্ধান্ত হয়েছে। দ্রুত এ সিদ্ধান্ত বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি রেজোয়ান সেলিম গাজীপুর ও কালিয়াকৈরের চলমান আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতির দ্রুত ও টেকসই সমাধানের দাবি জানান।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। মালিক ও শ্রমিকপক্ষ একই মনোভাব পোষণ করলে নতুন করে আন্দোলনের প্রয়োজন নেই।
শিল্পকারখানার ক্ষতি না করা এবং সরকারকে বিব্রত না করার জন্যও শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ মালিক ও শ্রমিকপক্ষের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।