বিদ্যুতের সংযোগ লাইন। ছবি: বিবিসি
যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে ইতিমধ্যে অধিকাংশ এলাকায় সংযোগ পুনর্বহাল করা হয়েছে এবং বাকি অংশেও দ্রুত সময়ের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের দেওয়া এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা ও চট্টগ্রামের কিছু অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ঘটনার পরপরই জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের কার্যক্রম শুরু করা হয়।
বিদ্যুৎ বিভাগ জানায়, ইতিমধ্যে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ সংযোগ পুনর্বহাল করা হয়েছে। বাকি যে অংশগুলোতে এখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, সেখানেও স্বল্পসময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।