মাহ্দী আমিন। ছবি: বিএনপি মিডিয়া সেল
সরকারের অন্যতম প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড কর্মসূচি দ্রুতগতিতে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।
তিনি বলেন, চলতি অর্থবছরে ৪১ লাখ নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে। তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের নারীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার।
ঢাকার শেরাটন হোটেলে মঙ্গলবার সকালে ‘ন্যাশনাল সামিট অন ইয়াং উইমেন’স এমপাওয়ারমেন্ট’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন নারীর ক্ষমতায়ন, মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
তিনি বলেন, সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রয়োজন ও প্রেক্ষাপট ভিন্ন। তাই তৃণমূল পর্যায়ের নারীদের ক্ষমতায়নের পাশাপাশি সব স্তরের নারীর জন্য মানসম্মত শিক্ষা ও আধুনিক দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে।
তরুণ ও নারীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্ব
তরুণ ও নারীদের মেধা বিকাশের ওপর গুরুত্বারোপ করে মাহ্দী আমিন বলেন, দেশে মেধা ও প্রতিভার কোনো ঘাটতি নেই। তরুণ ও নারীদের মধ্যে মননশীলতা, সৃজনশীলতা এবং সুপ্ত প্রতিভা রয়েছে। তবে এসব প্রতিভার যথাযথ বিকাশে প্রয়োজন পৃষ্ঠপোষকতা। সুপ্ত প্রতিভাকে বাস্তবমুখী ও প্রায়োগিক রূপ দিতে সরকার ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিতভাবে উপযুক্ত প্ল্যাটফর্ম তৈরি করতে হবে।
সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে তাদের সুনির্দিষ্ট অঙ্গীকার ও স্পষ্ট নীতিগত পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর একটি নির্দিষ্ট রূপকল্প রয়েছে এবং সরকারের গৌরবময় ঐতিহ্যও রয়েছে।
বাংলাদেশের জনমিতিক লভ্যাংশের সম্ভাবনা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, দেশের সবচেয়ে বড় সুবিধা হলো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। জনসংখ্যার বড় একটি অংশ উদ্যমী তরুণ-তরুণী। একই সঙ্গে মোট জনসংখ্যার ৫০ শতাংশের বেশি নারী। তারুণ্যে উদ্দীপ্ত এসব নারীর অংশগ্রহণ বাংলাদেশের সামগ্রিক চিত্র তুলে ধরে।
নারীর প্রতি সরকারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রায়ই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনজন মানুষ- মা, স্ত্রী ও কন্যার কথা বলেন, যাদের সাহচর্য ও সমর্থন তিনি পান। নারীর প্রতি তার গভীর অনুভূতি ও শ্রদ্ধাবোধ রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নীতিতে প্রতিফলিত হতে দেখা যায়।
নারীশিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে উদ্যোগ
নারীর উন্নয়নে ঐতিহাসিক উদ্যোগের কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, বাংলাদেশে নারীদের সার্বিক উন্নয়নে পৃথক মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের অন্যতম ক্ষেত্র গার্মেন্টস শিল্পের সূচনা হয়েছিল প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। পরে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালুর যুগান্তকারী সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দ্বাদশ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নারীদের অবৈতনিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণের ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন শুরু করেছে।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিকে অর্থবহ করতে হলে তা অবশ্যই অন্তর্ভুক্তিমূলক হতে হবে। জনসংখ্যার অর্ধেকের বেশি নারীকে রাষ্ট্র পরিচালনা ও অর্থনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার মাধ্যমেই তা সম্ভব। সরকারের প্রতিটি মন্ত্রণালয় এ লক্ষ্য সামনে রেখে কাজ করছে।
খেলাধুলা ও শিক্ষায় নতুন উদ্যোগ
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশব্যাপী খেলাধুলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগের অংশ হিসেবে চতুর্থ শ্রেণি থেকে আগামী শিক্ষাবর্ষে নতুন বই চালু করা হচ্ছে।
তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে উৎসাহিত করতে এ বছর প্রায় ১৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার পাশাপাশি বিতর্ক, শিল্প-সাহিত্য এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও মননশীলতার বিকাশ ঘটানোই লক্ষ্য।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্টের সাফল্য তুলে ধরে তিনি বলেন, সম্প্রতি প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ১১ লাখ ছাত্রের পাশাপাশি সমানসংখ্যক ১১ লাখ ছাত্রী অংশ নিয়েছে। বিশ্বের বুকে এটি একটি বিরল দৃষ্টান্ত।
মাহ্দী আমিন বলেন, খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না; এটি পারস্পরিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধি, সাম্য নিশ্চিত এবং সমাজে বৈষম্যহীন পরিবেশ সৃষ্টিতেও ভূমিকা রাখে।
প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে মিড ডে মিল চালু, বিনামূল্যে স্কুল পোশাক ও জুতা বিতরণসহ তিনটি বড় কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তিনি।
মেয়েদের উপস্থিতি ধরে রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও হাইজিন সুবিধাকেও বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, নারী শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার পূর্ণ বিকাশে উপযুক্ত শিক্ষাক্রম, বাস্তবসম্মত প্রশিক্ষণ ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার।
মুখস্থনির্ভর শিক্ষা নয়, দক্ষতা উন্নয়নে জোর
সনদসর্বস্ব ও মুখস্থনির্ভর শিক্ষাব্যবস্থার পরিবর্তে কর্মক্ষেত্রের উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন মাহ্দী আমিন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা হলো, মুখস্থ করে ভালো ফল করার চেয়ে বাস্তব জীবনের জন্য নিজেকে দক্ষ করে গড়ে তোলা অনেক বেশি জরুরি।
গতানুগতিক পেশার বাইরে কারিগরি শিক্ষা ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণের প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবার চিকিৎসক, প্রকৌশলী কিংবা আইনজীবী হওয়া জরুরি নয়।
অনেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকের পরই কর্মজীবনে প্রবেশ করতে চান। তাদের জন্য দেশব্যাপী তিন, ছয়, নয় মাস এবং এক বছর মেয়াদি বিভিন্ন শর্ট কোর্স ও আধুনিক কারিগরি কোর্স চালু করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রবাসে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে ভাষাশিক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও ভোকেশনাল ইনস্টিটিউটগুলোতে বাজারের চাহিদা অনুযায়ী বিশেষ দক্ষতা উন্নয়নের পাশাপাশি বাংলা ও ইংরেজির সঙ্গে জাপানি, আরবি, ফরাসি, ইতালীয় ও কোরীয় ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
নারী উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও অনুদান
নারীদের কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র হিসেবে সরকারি ও বেসরকারি চাকরি, উদ্যোক্তা হওয়া এবং আন্তর্জাতিক শ্রমবাজারে অংশগ্রহণের কথা তুলে ধরেন মাহ্দী আমিন।
তিনি বলেন, নারীরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন- এটাই সরকারের প্রত্যাশা।
এ লক্ষ্য বাস্তবায়নে তরুণ ও নারীদের অগ্রাধিকার দিয়ে সহজ শর্তে জামানতবিহীন স্বল্প সুদের ঋণ, উদ্ভাবনী ধারণার জন্য সিড ফান্ডিং এবং সরকারি অনুদানের সুযোগ তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।
আন্তর্জাতিক শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, বর্তমানে আন্তর্জাতিক শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ প্রায় পাঁচ শতাংশ। ফিলিপাইনের মডেল অনুসরণ করে নার্সিং, কেয়ারগিভিং ও বিশেষায়িত খাতে উন্নত প্রশিক্ষণের মাধ্যমে নারীদের জন্য বিদেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও উচ্চ বেতনের কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
ভারী শিল্পের পাশাপাশি ছোট কারখানা, আধুনিক অফিস ও প্রাতিষ্ঠানিক ব্যবসা পরিচালনায় নারীদের ব্যবহারিক দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
তার ভাষ্য, প্রধানমন্ত্রীর রূপকল্প হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কোনো বৈষম্য থাকবে না, মেধার যথাযথ মূল্যায়ন হবে এবং প্রতিটি নাগরিকের সুপ্ত প্রতিভা বিকাশে রাষ্ট্র সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দেবে।
তরুণ ও নারীর ক্ষমতায়নে সমন্বিত উদ্যোগের আহ্বান
জনগণের ক্ষমতায়নকে রাষ্ট্রের শক্তির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, তরুণ প্রজন্ম ও নারীদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিকভাবে সক্ষম করে তোলার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। তরুণ ও নারীদের আধুনিক বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার অভিভাবকের ভূমিকা পালন করে সার্বক্ষণিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
দেশের বিদ্যমান সমস্যার সমন্বিত সমাধান এবং উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে সরকারি-বেসরকারি খাত, উন্নয়ন অংশীদার ও বিভিন্ন বেসরকারি সংস্থাকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
মাহ্দী আমিন বলেন, সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সম্মিলিত প্রচেষ্টায় দেশের উন্নয়ন ও অগ্রগতিকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
বাংলাদেশে সেভ দ্য চিলড্রেন ও ইউনিসেফের দীর্ঘমেয়াদি ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠান দুটির প্রাতিষ্ঠানিক উপস্থিতি ও আয়োজন বর্তমান সরকারকে গভীরভাবে অনুপ্রাণিত করে। বাংলাদেশে বছরের পর বছর এবং দশকের পর দশক ধরে বেশ কিছু বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগী দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। সেভ দ্য চিলড্রেন ও ইউনিসেফ তাদের মধ্যে অন্যতম।
সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে এসব প্রতিষ্ঠানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নীতিনির্ধারণী পর্যায়ে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরে মাহ্দী আমিন আরও বলেন, আগামী দিনগুলোতেও সব উন্নয়ন অংশীদারকে একটি যৌথ প্ল্যাটফর্মে এনে সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে সাফল্যের সঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে সরকার বিশ্বাস করে।
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের শিক্ষা বিভাগের প্রধান মিস দীপা শংকর, ‘আর্ন’ প্রকল্পের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খান।