× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউটিউব দেখে পটল চাষ, পাহাড়ে নতুন সম্ভাবনা গড়ছেন আনোয়ার

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিবেদক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ ১৩:৫৩ পিএম

মাচাজুড়ে সারি সারি সবুজ পটল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাচাজুড়ে সারি সারি সবুজ পটল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউটিউবে পটল চাষের ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে ব্যতিক্রমী সবজি চাষে সাফল্য পেয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা মো. আনোয়ার হোসেন। একসময় যে এলাকায় পটল চাষের প্রচলন ছিল না বললেই চলে, সেখানে পরীক্ষামূলকভাবে পটল আবাদ করে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছেন তিনি। তার সাফল্য দেখে স্থানীয় আরও কয়েকজন কৃষক পটল চাষে আগ্রহী হয়ে উঠেছেন।

আনোয়ার হোসেন মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরপাড়ার বাসিন্দা। ২০২৪ সালে ইউটিউবে পটল চাষের বিভিন্ন ভিডিও দেখে উদ্বুদ্ধ হন তিনি। পরে নওগাঁ থেকে বারি-১ ও বারি-২ জাতের ১০০টি পটলের চারা-কলম সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। প্রতিটি চারা-কলমের দাম পড়ে ১৭ টাকা। ধানের জমিতে মাচা তৈরি করে পটল চাষের উদ্যোগ নেন তিনি। দুই মাসের মধ্যেই গাছ থেকে ফলন পাওয়া শুরু হয়।

আনোয়ার জানান, জমি তৈরি, চারা, জৈব সার, বালাইনাশক, হলুদ ফেরোমন ফাঁদ, মাচা নির্মাণ ও শ্রমিকের মজুরিসহ ১০ শতক জমিতে প্রথম দফায় তাঁর খরচ হয়েছে প্রায় ৭ থেকে ৮ হাজার টাকা। পরবর্তী সময়ে প্রতি মাসে একই পরিমাণ জমিতে পরিচর্যা বাবদ খরচ হচ্ছে গড়ে ২ হাজার টাকা। এই জমি থেকে মাসে গড়ে ৩৫০ থেকে ৪০০ কেজি পটল উৎপাদিত হচ্ছে।

সরেজমিনে চরপাড়ায় আনোয়ারের পটলখেতে গিয়ে দেখা যায়, মাচাজুড়ে সারি সারি সবুজ পটল ঝুলছে। সবুজ পাতার ফাঁকে ফাঁকে বেড়ে ওঠা পটলগুলো তার পরিশ্রম ও উদ্যোগের সাফল্য জানান দিচ্ছে। পাহাড়ি এলাকায় সবজি চাষের নতুন সম্ভাবনা হিসেবে তার এই উদ্যোগ স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করেছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে মাটিরাঙ্গায় মাত্র ১ হেক্টর জমিতে পটল চাষ হয়েছে। এ মৌসুমে পটল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ মেট্রিক টন। মৌসুমের শুরুতে প্রতি কেজি পটল ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হলেও শীতকালীন সবজি বাজারে আসায় বর্তমানে দাম কমে ৩০ থেকে ৩৫ টাকায় দাঁড়িয়েছে।

মাচাজুড়ে সারি সারি সবুজ পটল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আনোয়ারের সাফল্যে অনুপ্রাণিত হয়ে চরপাড়ার কৃষক বাচ্চু মিয়া ১০ শতক জমিতে পটল চাষ শুরু করেছেন। একই পরিমাণ জমিতে পটল আবাদ করেছেন ওয়াছু এলাকার কৃষক আব্দুস ছাত্তার। তাদের উদ্যোগে বর্তমানে মাটিরাঙ্গার তিনটি স্থানে মোট ৩০ শতক জমিতে পটল চাষ হচ্ছে।

পটল চাষের পাশাপাশি আনোয়ার এক একর জমিতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও পেঁপেসহ বিভিন্ন ধরনের সবজি আবাদ করছেন। এর মধ্যে পাঁচ হাজার কপির চারা রোপণ করেছেন তিনি। চারা রোপণ থেকে পরিপক্ব হওয়া পর্যন্ত প্রতিটি কপির পেছনে খরচ হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা।

আনোয়ার, বাচ্চু মিয়া ও আব্দুস ছাত্তার- তিনজনের কারোরই নিজস্ব কৃষিজমি নেই। তারা অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করছেন। আনোয়ার একরপ্রতি ৮০ হাজার টাকা খরচে জমি নিয়ে বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করছেন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তাদের এই উদ্যোগ কৃষিতে স্বাবলম্বী হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

আনোয়ার হোসেন বলেন, “ব্যতিক্রমী ফসল করার চিন্তা থেকে ইউটিউব ফলো করে পটল চাষ শুরু করি। ভালোই ফলন হয়েছে এখন। ভবিষ্যতে আরও ব্যতিক্রমী কিছু করার চিন্তা রয়েছে”।

মাটিরাঙ্গা পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ চাকমা বলেন, “আনোয়ার অত্যন্ত পরিশ্রমী একজন যুবক। তিনি ইউটিউব দেখে নিজ উদ্যোগেই উন্নত জাতের পটল চাষ শুরু করেছেন। আমাদের পক্ষ থেকে তাকে নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। তার এই উদ্যোগ দেখে অন্য কৃষকরাও সবজি চাষে এগিয়ে আসছেন, যা অত্যন্ত ইতিবাচক”।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ বলেন, “ধানের জমিতে মাচা তৈরি করে পটল চাষ এবং বর্গা জমিতে মিশ্র ফসল ফলানোর বিষয়টি সত্যিই প্রশংসনীয়। মাটিরাঙ্গার মাটি ও আবহাওয়া শাকসবজি চাষের জন্য খুবই উপযোগী। কৃষি বিভাগ সবসময় এ ধরনের উদ্যমী কৃষকদের কারিগরি সহায়তা, মানসম্মত বীজ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। আনোয়ারের এই সাফল্য এলাকার বেকার যুবকদের কৃষিতে স্বাবলম্বী হতে অনুপ্রেরণা জোগাবে”।

প্রচলিত ফসলের বাইরে নতুন সবজি চাষে আনোয়ার হোসেনের এই উদ্যোগ পাহাড়ি কৃষিতে বৈচিত্র্য আনার পাশাপাশি স্থানীয় কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করছে। প্রযুক্তি থেকে পাওয়া ধারণাকে কাজে লাগিয়ে তার এই সাফল্য প্রমাণ করছে, সঠিক পরিকল্পনা, পরিশ্রম ও কৃষি বিভাগের সহযোগিতা থাকলে পাহাড়েও বাণিজ্যিক সবজি চাষ সম্প্রসারণের সুযোগ রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা