× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দোহায় বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরল ইনভেস্ট বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২০:৫০ পিএম

দোহায় বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরল ইনভেস্ট বাংলাদেশ

কাতারের দোহায় ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম ২০২৬-এ বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা এবং অবকাঠামো ও উৎপাদন খাতের বিভিন্ন প্রকল্প তুলে ধরেছে ইনভেস্ট বাংলাদেশ।

এসব প্রকল্পের মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ, এলএনজি অবকাঠামো, বন্দর স্থাপনা ও শিল্প খাতের বিভিন্ন উদ্যোগ। এতে আগ্রহ দেখিয়েছেন আন্তর্জাতিক বিনিয়োগকারী ও অর্থায়নকারীরা।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (ইউএনসিটিএডি) আয়োজিত ২৫ থেকে ২৭ অক্টোবরের এ ফোরামে সোমবার ‘ইনভেস্ট ইন বাংলাদেশ: দ্য বিলিয়ন-ডলার অপরচুনিটি হাইডিং ইন প্লেইন সাইট’ শীর্ষক অধিবেশন অনুষ্ঠিত হয়।

দোহার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টা থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত ফোরামের সেন্টার স্টেজে অনুষ্ঠিত এ অধিবেশনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, আন্তর্জাতিক অর্থায়নকারী ও বিভিন্ন দেশের বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ প্রায় ১০০ জন অংশ নেন।

অধিবেশনে প্রেজেন্টেশন দেন ইনভেস্ট বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন বিভাগের দায়িত্বে থাকা সদস্য নাহিয়ান রহমান রোচি।

তিনি বাংলাদেশের তরুণ কর্মশক্তি, প্রতিযোগিতামূলক পরিচালন ব্যয় ও অভ্যন্তরীণ বাজারের সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি বিনিয়োগকারীদের সেবা এবং অবকাঠামো উন্নয়নে চলমান কার্যক্রমের বিষয়েও জানান তিনি।

উপস্থাপনায় সরকারি জমিতে বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প, এলএনজি অবকাঠামো, প্রস্তাবিত চট্টগ্রাম মুক্ত বাণিজ্য অঞ্চল, বন্দর স্থাপনা ও মাতারবাড়ী গ্রিন ডকইয়ার্ডে বিনিয়োগের সুযোগ তুলে ধরা হয়।

এ ছাড়া ইলেকট্রনিকস, উন্নত প্রযুক্তিনির্ভর বস্ত্র ও চিকিৎসা সরঞ্জাম খাতের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এসব প্রকল্পে ডেভেলপার, অপারেটর, বিনিয়োগকারী ও অর্থায়নকারীদের অংশগ্রহণের সুযোগ ব্যাখ্যা করেন নাহিয়ান রহমান রোচি।

তিনি জানান, উপস্থাপিত প্রকল্পগুলোতে অংশ নেওয়ার পদ্ধতি জানতে বিনিয়োগকারীরা আগ্রহ দেখিয়েছেন। অর্থনৈতিক অঞ্চল, বন্দর ও ড্রাই ডকে যৌথভাবে কাজ করার সুযোগ নিয়েও আঞ্চলিক অংশীদারদের আগ্রহ রয়েছে।

এসব বিনিয়োগ বাংলাদেশের চাহিদা পূরণের পাশাপাশি আঞ্চলিক বাণিজ্যেও ভূমিকা রাখতে পারে। আগ্রহী পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফোরাম চলাকালে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছে ইনভেস্ট বাংলাদেশ। পাশাপাশি বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে একটি গোলটেবিল আলোচনার আয়োজনও রয়েছে।

ফোরামের প্রথম দিনে জ্বালানি রূপান্তরের অগ্রাধিকারকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দেওয়ার বিষয়ে মন্ত্রীপর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেন ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী।

তিনি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প এগিয়ে নিতে বিনিয়োগকারী চিহ্নিত করা, জমি প্রস্তুত, নীতিগত সমন্বয় এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) প্রকল্পের কাঠামো তৈরির কার্যক্রম তুলে ধরেন।

এ সময় অব্যবহৃত সরকারি জমিতে সোনাগাজী সৌরবিদ্যুৎ পিপিপি প্রকল্প এবং অন্যান্য স্থানে একই মডেল প্রয়োগের সম্ভাবনা নিয়েও প্রশ্নের উত্তর দেন তিনি।

ইনভেস্ট বাংলাদেশের পাইপলাইনে বর্তমানে ১৫টি বৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প রয়েছে। আগামী কয়েক মাসে পিপিপির আওতায় এসব প্রকল্প এগিয়ে নেওয়া হবে।

বিনিয়োগবিষয়ক আরেকটি মন্ত্রীপর্যায়ের গোলটেবিল আলোচনায় উদীয়মান অর্থনীতির দেশগুলোতে বিনিয়োগের উন্নয়নমূলক প্রভাবকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান আশিক চৌধুরী।

বাংলাদেশের সফল বিনিয়োগের উদাহরণ আরও বেশি তুলে ধরতে ইউএনসিটিএডির প্রতি প্রস্তাব দেন তিনি। পাশাপাশি বিনিয়োগ গ্যারান্টি ও রপ্তানি ঋণের মডেল অনুসরণ করে বিনিয়োগের ঝুঁকি ভাগ করে নেওয়ার ব্যবস্থাও বিবেচনার আহ্বান জানান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা