× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংসদীয় কমিটির বৈঠক

ভাঙ্গা-বরিশাল রেললাইনের সম্ভাব্যতা যাচাই ও বেনাপোল-খুলনা কমিউটার চালুর পরামর্শ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২০:০৬ পিএম

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬ ২০:০৮ পিএম

ভাঙ্গা-বরিশাল রেললাইনের সম্ভাব্যতা যাচাই ও বেনাপোল-খুলনা কমিউটার চালুর পরামর্শ

ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই এবং বেনাপোল-খুলনা রুটে সকালে কমিউটার ট্রেন চালুর জন্য রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ পরামর্শ দেওয়া হয়। কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার, এমপির সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি; মো. আব্দুল মহিত তালুকদার, এমপি; ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, এমপি এবং মুহাম্মদ আজীজুর রহমান, এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রথম সভার কার্যবিবরণী নিশ্চিত করা হয়। পাশাপাশি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

বৈঠকে জানানো হয়, চট্টগ্রাম বন্দর-ঢাকা রুটে নিয়মিত কনটেইনার পরিবহন করা হচ্ছে। বিভিন্ন গন্তব্যে জ্বালানি ও খাদ্যশস্য পরিবহনও অব্যাহত রয়েছে। তবে বাংলাদেশ রেলওয়ের বহরে মিটারগেজ লোকোমোটিভের সংকটের কারণে বর্তমানে মালবাহী ট্রেনের সংখ্যা কমেছে।

এ সংকট মোকাবিলায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের নতুন প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদিত হয়েছে। এর আগে অনুমোদিত আরও ৩০টি লোকোমোটিভ সংগ্রহের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। ২০২৯ সালে মোট ৬০টি লোকোমোটিভ সংগ্রহ করা সম্ভব হলে কনটেইনার, জ্বালানি, খাদ্যশস্যসহ অন্যান্য পণ্যবাহী ট্রেনের সংখ্যা বাড়ানো যাবে। এতে রেলওয়ের রাজস্ব আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বিশ্বব্যাংকের গ্রীন রেলওয়ে প্রকল্পের আওতায় ২০টি মিটারগেজ লোকোমোটিভ সংগ্রহের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বৈঠকে আরও জানানো হয়, মোংলা বন্দর থেকে টাঙ্গাইলের সয়দাবাদ ও জয়পুরহাটে সীমিত পরিসরে মোলাসেস পরিবহন করা হচ্ছে। তবে বন্দরটি থেকে অন্য কোনো পণ্য পরিবহনের চাহিদা বর্তমানে নেই।

মন্ত্রণালয়ের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়, ৯৫/৯৬ নম্বর ট্রেন বর্তমানে মোংলা-বেনাপোল রুটে চলাচল করছে। বাংলাদেশ রেলওয়ের বহরে পর্যায়ক্রমে ২০০টি ব্রডগেজ কোচ যুক্ত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ১৮টি কোচ এসেছে। এসব কোচ পাওয়া সাপেক্ষে মোংলা-ঢাকা রুটে ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বৈঠকে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি ও অপারেটিং রেশিও পর্যালোচনা করা হয়। রেলওয়ের মোট জমি, ব্যবহৃত ও ইজারাকৃত জমির পরিমাণ, ইজারা থেকে আয়, ইজারাগ্রহীতা, অবৈধ দখলে থাকা জমি ও দখলদারদের তালিকা এবং ভূমিসংক্রান্ত মামলার প্রতিবেদন উপস্থাপন করা হয়। রেলওয়ের জমি ও স্থাপনায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

অনলাইন টিকিট বিক্রিতে স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। বর্তমানে বাংলাদেশ রেলওয়ের অনলাইন টিকিট বিক্রি ও ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সহজ ডটকম। আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন ভেন্ডর নিয়োগে দরপত্র আহ্বানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এ ছাড়া রেলওয়ের লিগ্যাল ডিপার্টমেন্টে প্রয়োজনীয় আইনজীবী নিয়োগ, আদালতে বিচারাধীন মামলা নিষ্পত্তি, রেলওয়েকে লোকসান থেকে লাভজনক খাতে রূপান্তর এবং লেভেল ক্রসিংয়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে কমিটি মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা