প্রতীকী ছবি।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ২ হাজার ২১৮ জন রোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগে ১ জন করে রয়েছেন। এই সময়ে ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২ হাজার ২১৮ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৯৪২ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২৮৪ জন, রাজশাহী বিভাগে ২৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৪০ জন, বরিশাল বিভাগে ২৩২ জন, ময়মনসিংহ বিভাগে ১২১ জন, রংপুর বিভাগে ১১৩ জন এবং সিলেট বিভাগে ৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৬৬ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৩৯৩ জন রোগী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩৮৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে সর্বোচ্চ ১৮৩ জন মারা গেছেন ঢাকা বিভাগে।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ৩৮৪ জন ডেঙ্গু রোগী। বিভাগভিত্তিক হিসাবে এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৭৪১ জন ভর্তি আছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে ১ হাজার ৪১ জন, বরিশাল বিভাগে ৮০৯ জন, রাজশাহী বিভাগে ৬৯৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪২১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৬৫ জন, রংপুর বিভাগে ২৩০ জন এবং সিলেট বিভাগে ৭০ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন।