ছবি: সংগৃহীত
বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই এবং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ‘কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’। একই সঙ্গে সারের ডিলার নিয়োগে ওঠা অনিয়মের অভিযোগ খতিয়ে দেখার সুপারিশ করেছে কমিটি।
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
বৈঠকের শুরুতে আলোচ্যসূচি অনুযায়ী প্রথম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং সেখানে নেওয়া সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।
বৈঠকে কমিটির সভাপতি বলেন, সার বিতরণ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম সংকট দ্রুত ও কার্যকর হস্তক্ষেপের ফলে নিরসন করা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে সারের কোনো সংকট নেই, বরং চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত রয়েছে। দেশের সার কারখানাগুলো পূর্ণোদ্যমে উৎপাদন কার্যক্রম চালিয়ে যেতে পারলে ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত সার বিদেশে রপ্তানি করার সুযোগও সৃষ্টি হতে পারে বলে তিনি জানান।
বৈঠকে কমিটির সদস্য মো. মোস্তাফিজুর রহমানের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সার বিতরণ, মজুত ও ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়। সারের অবৈধ মজুত, বিপণন ও অন্যান্য অনিয়ম চিহ্নিত করে সুনির্দিষ্ট সুপারিশ প্রণয়নের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল এবং মোছা. সাবিরা সুলতানা।
সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে যেসব এলাকায় অনিয়ম ও অসংগতির অভিযোগ উঠেছে, সে বিষয়ে ব্যবস্থা নিতে কমিটি সুনির্দিষ্ট সুপারিশ করেছে। কমিটি বলেছে, যেসব ক্ষেত্রে এখনো ডিলারশিপের চুক্তি সম্পাদিত হয়নি, সেখানে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চুক্তি সম্পাদন স্থগিত রাখতে হবে। আর যেসব ক্ষেত্রে ইতিমধ্যে চুক্তি সম্পাদিত হয়ে গেছে, সেগুলোর অভিযোগ যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশেষ করে লালমনিরহাট, বরগুনা, সাতক্ষীরা, ফরিদপুর, নওগাঁ ও যশোর জেলার ডিলারশিপ নিয়োগসংক্রান্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে সভাপতির অভিপ্রায় অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদসহ কমিটির সদস্য সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম, মো. মোস্তাফিজুর রহমান, মো. রোকন উদ্দীন বাবুল, মো. মুজিবুর রহমান চৌধুরী, মোছা. সাবিরা সুলতানা এবং মো. গোলাম রছুল অংশ নেন।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।