প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৮:৫৮ পিএম
আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের ঘটনায় সে দেশের কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না—তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংসদীয় কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়েছে।
আজ রবিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের বিষয়ে মন্ত্রণালয়ের কাছে জানতে চায় সংসদীয় কমিটি। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে জানায়, এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
কমিটি সুপারিশ করে, তথ্য পাওয়ার পর ঘটনার পূর্ণ বিবরণ, ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে নেওয়া পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে গৃহীত ব্যবস্থা সম্পর্কে কমিটিকে জানাতে হবে। এছাড়া সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর সেবার মানোন্নয়নে মন্ত্রণালয়ের বিস্তারিত আধুনিকায়ন পরিকল্পনা কমিটির কাছে উপস্থাপনেরও সুপারিশ করা হয়। একই সঙ্গে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের বর্তমান অবস্থা, মিশনগুলোর প্রধান কার্যক্রম, প্রাতিষ্ঠানিক সহযোগিতা, দ্বিপাক্ষিক বাণিজ্য, কর্মসংস্থান ও রেমিট্যান্স, শ্রমবাজারের প্রধান চ্যালেঞ্জ ও সম্ভাবনা, রিয়াদ দূতাবাস ও জেদ্দা কনস্যুলেট জেনারেলের শ্রমকল্যাণ সেবা এবং হজ কার্যক্রমের ওপর একটি উপস্থাপনা দেওয়া হয়।
এর আগে বৈঠকের শুরুতে দ্বিতীয় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। ১৫৩তম আইপিইউ (IPU) সম্মেলনে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এবং সংসদীয় কমিটির সভাপতি আইপিইউ নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায় কমিটি।
বৈঠকে কমিটির বিশেষ আমন্ত্রণে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এছাড়া কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম অংশ নেন। বৈঠকে পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।