× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী সেই যুবকের ৭ দিনের রিমান্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৭:৩৯ পিএম

অভিযুক্ত আবু বকর সিদ্দিক।

অভিযুক্ত আবু বকর সিদ্দিক।

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবি ফেসবুকে পোস্ট করে স্নাইপার দিয়ে গুলি করার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার আবু বকর সিদ্দিকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রবিবার এ আদেশ দেওয়া হয়।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্‌ ফারজানা হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন কারাগারে আটক সিদ্দিককে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াছিন পাইক তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে বলা হয়, দেশের অখণ্ডতা, সংহতি ও জননিরাপত্তা বিঘ্নিত করার ষড়যন্ত্র এবং রাষ্ট্রপ্রধানের ওপর হামলায় উসকানি দেওয়ার ঘটনায় জড়িত অন্য অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত করতে সিদ্দিককে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার মূল রহস্য উদ্‌ঘাটন, সরকারপ্রধানকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মন্তব্যের পেছনে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী, স্নাইপার বা অস্ত্র সরবরাহকারী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। পাশাপাশি আসামি কোনো নিষিদ্ধ সংগঠন বা অপরাধী চক্রের সদস্য কি না, তা অনুসন্ধান এবং ঘটনার সঙ্গে কোনো মাস্টারমাইন্ডের সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাইয়ের কথা বলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারির সময় ডিবি পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম ‘THE BEAUTY OF RAJSHAHI’ নামের ফেসবুক গ্রুপে ‘Maisa Anjum’ আইডি থেকে প্রকাশিত একটি পোস্ট দেখতে পায়। পোস্টটিতে প্রধানমন্ত্রীকে বহনকারী রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসের ছবি ছিল।

ওই পোস্টের মন্তব্যে ‘MD Abu Bokor Siddique’ নামের একটি ফেসবুক আইডি থেকে লেখা হয়, “ইস একটা বড় সুযোগ ছিল, শুধু একটা স্নাইপার এর অভাব ছিল”।

মন্তব্যটি নজরে আসার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে ডিবি পুলিশ। পরে ডিবি ও রাজশাহী মহানগর পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই দিন বিকেল ৫টার দিকে রাজশাহীর পবা থানার ঘোল হাড়িয়া দক্ষিণপাড়া এলাকার একটি বাসা থেকে সিদ্দিক ও তার বাবা মো. আয়নাল হককে আটক করে।

অভিযানের সময় সিদ্দিকের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের ফেসবুক আইডি থেকে মন্তব্যটি করার কথা স্বীকার করেন। তবে তার বাবা ঘটনার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করলে প্রাথমিক যাচাই শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় ডিবির অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের উপপরিদর্শক মো. মানিক হোসেন বাদী হয়ে রাজধানীর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা