× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়তে চায় সরকার: আমিনুল হক

খুলনা অফিস

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ ১৭:১৬ পিএম

খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খেলাধুলার মাধ্যমে সামাজিক ব্যবস্থায় গুণগত পরিবর্তন এনে সুস্থ জাতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চায় সরকার।

একই সঙ্গে শিশু-কিশোরদের ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখা এবং তৃণমূলের প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজন করা হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসর। এ আসরে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী।

খুলনা জেলা স্টেডিয়াম রবিবার দুপুরে পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নিবন্ধিত প্রতিযোগীদের মধ্যে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ প্রতিযোগিতায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

প্রতিমন্ত্রী জানান, প্রথম আসরে নিবন্ধন ছিল ১ লাখ ৬৮ হাজার। এবার তা বেড়ে ১৬ লাখ ২৩ হাজারে পৌঁছেছে। দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠনের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হবে। ইউনিয়ন থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে অংশ নেবে। আগামী বছরের মে বা জুনে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব শেষ করার পরিকল্পনা রয়েছে।

আমিনুল হক বলেন, প্রথম আসরে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়দের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ৪০ দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ শেষে বাছাই করা খেলোয়াড়দের স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় দায়িত্ব সরকার বহন করবে, যাতে প্রতিভাবান খেলোয়াড়রা হারিয়ে না যায়।

খুলনা জেলা স্টেডিয়ামের অবকাঠামোগত দুরবস্থার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, স্টেডিয়ামটির গ্যালারির অর্ধেকের বেশি অংশ নেই। এটিকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দিতে পরিকল্পনা নেওয়া হয়েছে। শিগগিরই গ্যালারি নির্মাণের কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, খুলনা বিভাগীয় স্টেডিয়াম ও মহিলা ক্রীড়া কমপ্লেক্স পরিদর্শন করা হয়েছে। জরাজীর্ণ মহিলা ক্রীড়া কমপ্লেক্সসহ এসব স্থাপনার উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

খুলনা বিকেএসপির সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, দেশের বিকেএসপিগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এতে খুলনা বিভাগের শিক্ষার্থীরা স্থানীয়ভাবে থেকেই পড়াশোনা ও খেলাধুলার সুযোগ পাবে। আগামী জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরুর আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্পেশাল সিকিউরিটি ফোর্সসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে মাঠ প্রস্তুতি, আয়োজন ব্যবস্থাপনা ও প্রচার কার্যক্রম চলছে।

এ সময় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, জেলা প্রশাসক হুরে জান্নাতসহ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা